টিআরের চাল আত্মসাতের অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা আবদুল মমিন মণ্ডলের বিরুদ্ধে টেস্ট রিলিফের (টিআর) ছয় মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। আবদুল মমিন দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে স্যানিটেশনের কাজের জন্য ২০১১-১২ অর্থবছরে টিআরের একটি প্রকল্পের অধীনে ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মমিন মণ্ডল কাজ না করেই গত বছরের ১২ ডিসেম্বর প্রতি টন চাল ১৭ হাজার টাকায় বিক্রি করেন এবং প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে এক লাখ দুই হাজার টাকার ভুয়া বিলের ভাউচার পিআইও কার্যালয়ে জমা দেন।চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল মাহমুদ গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শন করে প্রকল্পের টাকা আত্মসাতের প্রমাণ পান। তিনি এ বিষয়ে দামুড়হুদার পিআইওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সোমবার পিআইও মমিন মণ্ডলের কাছে নোটিশ পাঠান।এ ব্যাপারে আবদুল মমিন দাবি করেন, চাল বিক্রির টাকা আত্মসাৎ করা হয়নি, শিগগিরই কাজ করা হবে।