টিআরের চাল নিয়ে বিপাকে প্রকল্পের সভাপতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প টিআর (টেস্ট রিলিফ) কর্মসূচির চাল নিয়ে বিপাকে পড়েছেন প্রকল্পের সভাপতিরা। তাঁদের ভাষ্য, ব্যবসায়ীদের কারসাজির কারণে তাঁদের অস্বাভাবিক কম দামে চাল বিক্রি করতে হচ্ছে। অথচ বিল-ভাউচার জমা দিতে হয় সরকার-নির্ধারিত দরে মাস্টাররোল তৈরি করে। এ পরিস্থিতিতে টিআর প্রকল্পের উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে।ব্যবসায়ীদের ভাষ্যমতে, ঘাটে ঘাটে চাঁদা দিতে গিয়ে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে তাঁদের পক্ষে প্রকৃত বাজারমূল্যে টিআর প্রকল্পের চাল কেনা সম্ভব নয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, টিআর কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে (২০১১-১২) রামগতিতে প্রথম পর্যায়ে ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এ চাল দিয়ে ২৮৪টি প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের বিপরীতে চাল উত্তোলনের আদেশপত্র (ডিও লেটার) ছাড় করা হয়েছে। প্রকল্পের সভাপতিরা গুদাম থেকে চাল উত্তোলন করছেন।রামগতি পৌরসভার করিম আলী বেপারীবাড়ির দরজায় পাঞ্জেগানা মসজিদের ঘাটলা নির্মাণ প্রকল্পের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রতি টন চাল ১৪-১৫ হাজার টাকায় বিক্রি হলেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সরকার-নির্ধারিত দরের (৩৪ হাজার ১৯৫ টাকা) বিপরীতে মাস্টাররোল ও বিল-ভাউচার জমা দিতে হচ্ছে। তিনি বলেন, চালের দর কম হওয়ায় একদিকে প্রকল্পের কাজ যেমন পুরোপুরি করা যাচ্ছে না, তেমনি প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা তদারকিতেও সমস্যা হচ্ছে।আলেকজান্ডার খাদিমুল কোরআন নূরানী মাদ্রাসা রক্ষণাবেক্ষণ প্রকল্পের সভাপতি মাকসুদুর রহমান বলেন, তিনি তাঁর প্রকল্পের বিপরীতে এক মেট্রিক টন চালের উত্তোলনের আদেশপত্র হাতে পেয়ে বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা এই চাল কিনতে আগ্রহ দেখাচ্ছেন না।দক্ষিণ আলেকজান্ডার দালালবাড়ির দরজায় জামে মসজিদ মেরামত প্রকল্পের সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা গুদামের চাল প্রতি টন ১৪ হাজার টাকার ওপরে কিনতে চান না। কোনো কোনো ব্যবসায়ী বলছেন, নির্দিষ্ট দাম বলা সম্ভব নয়, গুদাম থেকে চাল তুলে বিক্রি করার পর ওই দরের সঙ্গে সমন্বয় করে দাম পরিশোধ করা হবে।খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা বাজারে প্রতি টন মোটা চাল ২৩-২৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গুদামের চাল টনপ্রতি বিক্রি হচ্ছে ২০-২১ হাজার টাকায় (২০-২১ টাকা কেজি)।নাম প্রকাশ না করার শর্তে একাধিক চাল ব্যবসায়ী অভিযোগ করেন, টিআর কর্মসূচির চাল গুদাম থেকে তোলার পর বিক্রি করা পর্যন্ত তাঁদের ঘাটে ঘাটে টনপ্রতি দুই-তিন হাজার টাকা চাঁদা দিতে হচ্ছে। এ ছাড়া গুদামের কেনা চাল বিক্রির জন্য ট্রাকে করে এলাকার বাইরে নেওয়ার সময় তাঁরা প্রশাসন ও চাঁদাবাজদের হাতে হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, পুলিশ, খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী ও পরিবহনে এসব চাঁদা নেওয়া হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার না করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা বলেন, ‘নিরাপত্তার জন্য ব্যবসায়ীরা কিছু খরচ করে থাকতেই পারেন। বিগত দিনেও তাঁরা তা করেছেন।’উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. শামছুল হুদা ও আলেকজান্ডার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. মহিউদ্দিন চাঁদা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, প্রকল্পের সভাপতিদের চালের দাম কম দেওয়ার অজুহাত দেখাতে গিয়ে ব্যবসায়ীরা এসব চাঁদা নেওয়ার অভিযোগ করে থাকতে পারেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী বলেন, ‘দল কোনোভাবেই চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। তবে দলের নাম ভাঙিয়ে কেউ এটা করে থাকলে দল এর দায়িত্ব নেবে না।’এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রইচ উদ্দিন বলেন, ‘নীতিমালা অনুযায়ী সরকারি দরে বিল-ভাউচার জমা নিতে হচ্ছে।’