টিআরের চাল বণ্টনে অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির চাল বিধিবহির্ভূতভাবে বণ্টন করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ৮ অক্টোবর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে টিআর কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে এ উপজেলায় ১৪৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এ নিয়ে ১২ সেপ্টেম্বর উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ওই কমিটির সভাপতি আবদুল আউয়াল অনুপস্থিত ছিলেন। ২ অক্টোবর তিনি ১০টি ইউনিয়নে টিআরের চাল বণ্টন করেন। ২১ অক্টোবরের মধ্যে বরাদ্দের বিপরীতে প্রকল্প তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানোর কথা ছিল। কিন্তু ইউপি চেয়ারম্যানেরা এ বণ্টন মেনে নেননি। তাই তাঁরা এখনো প্রকল্প তালিকা দাখিল করেননি। এ অবস্থায় টিআরের চাল ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইউপি চেয়ারম্যানদের অভিযোগ, ১৪৯ মেট্রিক টন চালের মধ্যে ২০ শতাংশ উপজেলা কমিটির জন্য রেখে বাকি ১১৯ টন চাল বণ্টন করার কথা ছিল। কিন্তু উপজেলা চেয়ারম্যান তাঁর ইচ্ছামতো ১০টি ইউনিয়নে মোট ৯২ টন চাল বণ্টন করেছেন।
ধরমপাশা সদর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, টিআরের চাল ফেরত গেলে উপজেলা চেয়ারম্যানই দায়ী থাকবেন এবং এর জবাবদিহি তাঁকেই করতে হবে। পিআইও জিল্লুর রহমান বলেন, ‘আমি বিধিমোতাবেক ১০টি ইউনিয়নে বরাদ্দ বণ্টন করে উপজেলা কমিটির সভায় উপস্থাপন করেছিলাম। কিন্তু সেভাবে বরাদ্দ বণ্টন করা হয়নি।’
ইউএনও খালেদুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে যে হারে টিআরের চাল বণ্টন করেছেন তা নীতিমালা অনুযায়ী হয়নি। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বললেও সমাধান হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। বিধিমোতাবেক সবকিছু হচ্ছে।’