টিআরের চালে নেতার বাড়ির রাস্তা
নিজের বাড়ির রাস্তা সংস্কারের কাজ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির প্রকল্প দেখিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের আওয়ামী লীগের এক নেতা চাল তুলে নিয়েছেন। খসরু মিয়া নামের ওই ব্যক্তি উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ টিআরের আওতায় সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়ক থেকে খসরু মিয়ার বাড়ির সামনের রাস্তা উন্নয়ন নামে একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের সভাপতি হলেন ইউনিয়ন পরিষদের মনোনীত সদস্য অমল কুমার পুরকায়স্থ।গত ১৮ জুন প্রথম দফায় প্রকল্পের অনুকূলে তিন টন চাল উত্তোলন করা হয়। ২৮ জুন আরও চার টন চাল প্রকল্পের সভাপতি অমল কুমার পুরকায়স্থের স্বাক্ষর নিয়ে উত্তোলন করে নেন খসরু মিয়া।গত শনিবার প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়ক থেকে খসরু মিয়ার বাড়ির সামনের রাস্তা উন্নয়ন নামে যে প্রকল্প নেওয়া হয়েছে, তা খসরু মিয়ার বাড়িতে যাতায়াতের রাস্তা। ইলাশপুর গ্রামের সাবুল মিয়া বলেন, ‘ই রাস্তা খসরু মিয়ার বাড়ির রাস্তা। ই রাস্তা দিয়া গাউর (গ্রামের) মানুষ চলাচল করইন না।’ প্রকল্পের সভাপতি অমল কুমার পুরকায়স্থ বলেন, ‘আমি নামেই সভাপতি। টিআরের চাল খসরু মিয়া উত্তোলন করেছেন, তিনি সবকিছু জানেন। চাল উত্তোলনের কাগজে তিনি স্বাক্ষর দিতে বলেছেন, তাই দিয়েছি।’খসরু মিয়া চাল উত্তোলনের সত্যতা স্বীকার করে বলেন, রাস্তাটি গ্রামের কোনো রাস্তা নয়, এটা তাঁর বাড়ির রাস্তা। এ রাস্তা দিয়ে গ্রামের অনেক লোক চলাচল করে। টিআরের চালের টাকায় শুধু রাস্তাটি সংস্কার হবে না। তাঁর পকেটের অনেক টাকাও খরচ হবে।পিআইও রাশেদুর রহমান বলেন, টিআরের আওতায় প্রকল্পের কাজ চলছে। ব্যক্তিগত রাস্তায় টিআরের প্রকল্প নেওয়া যায় কি না, এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। সব প্রশ্নের উত্তর নেই।’