টিআরের টাকায় আইপিএস ক্রয়!
নিয়ম ভঙ্গ করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে আইপিএস কেনার জন্য দুই টন টিআরের (টেস্ট রিলিফ) চাল বরাদ্দ দেওয়া হয়। এ চাল বিক্রি করে কয়েক দিন আগে ওই দপ্তরের কর্মকর্তারা একটি আইপিএস ক্রয় করেছেন।
কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) থেকে তাৎক্ষণিক বিকল্প বিদ্যুৎ পাওয়া যায়। এই বৈদ্যুতিক সরঞ্জামে সঞ্চিত বিদ্যুৎ এক ঘণ্টা বা তারও বেশি সময় কাজে লাগানো যায়।
জানতে চাইলে রায়পুরে কর্মরত সাবেক এক পিআইও জানান, টিআর মূলত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যবহার করা হয়। সরকারি দপ্তর রক্ষণাবেক্ষণ, সাজসজ্জা, চেয়ার-টেবিল, কম্পিউটার বা আইপিএস ক্রয়ে টিআর ব্যবহার করলে নিয়মের ব্যত্যয় ঘটে।
ওই কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুরের দুই ইউনিয়ন ও রায়পুর) আসনের সাংসদ আবুল খায়ের ভূঞা গত মাসে পিআইও কার্যালয়ে আইপিএসের জন্য দুই টন চাল বরাদ্দ দেন। বরাদ্দ পেয়ে পিআইও কার্যালয় থেকে তড়িগড়ি করে প্রকল্প কমিটি করা হয়। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইন উদ্দিন ভূঁইয়াকে সভাপতি করে এ কমিটি করা হয়েছে।
কাউন্সিলর মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পিআইও কার্যালয় আমার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি নেয়। বেশ কয়েকটি কাগজপত্রে স্বাক্ষর নেয় তারা। জানতে পারি, টিআরের দুই টন চাল বরাদ্দ পেয়ে আমাকে দিয়ে প্রকল্প কমিটি করেছে। শুনেছি টিআরের ওই চাল বিক্রি করে তারা একটি আইপিএস কিনেছে।’ পিআইও গোলাম সারোয়ার বলেন, এখানে অনেক লোডশেডিং হয়। এতে দৈনন্দিন কাজ ব্যাহত হয়। এ জন্য সাংসদকে বলে আইপিএস কেনার জন্য টিআরের দুই টন চাল বরাদ্দ নেওয়া হয়েছে।
তবে সাংসদ আবুল খায়ের ভূঞা বলেন, ‘আইপিএস না থাকার বিষয়টি পিআইও কার্যালয় থেকে আমাকে জানিয়েছে। এ জন্য টিআরের দুই টন চাল বরাদ্দ দিই। এতে নিয়মের ব্যত্যয় ঘটলেও তা সেবামূলক কাজে ব্যবহার হয়েছে।’