টিআরের বরাদ্দ আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় প্রকল্পের কাজ না করে টিআরের (টেস্ট রিলিফ) গম আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলায় গত মাসে গ্রামীণ অবকাঠামো কর্মসূচির বিশেষ বরাদ্দের আওতায় টিআরের ৫০ মে.টন গমের জন্য ২৬টি ও সাধারণ বরাদ্দের ২০২ মে.টন গমের জন্য ১৫৪টি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের মধ্যে ছিল মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব-সমিতি সংস্কার ও ঈদগাহ মাঠে মাটি ভরাটকরণ। গত ৩০ জুনের মধ্যে প্রকল্পগুলোর বিপরীতে গম তুলে নেন প্রকল্প চেয়ারম্যানরা। সরেজমিন দেখা গেছে, বিশেষ বরাদ্দের ২৬টি প্রকল্পের কোনো কাজই হয়নি। অধিকাংশ সাধারণ প্রকল্পেরও একই অবস্থা। অভিযোগ রয়েছে, গম তুলে প্রকল্প কমিটি-সংশ্লিষ্ট লোকেরা আত্মসাৎ করেছেন। শাহাপুর পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসার নামে তিন মে.টন গম তুলেছেন প্রকল্পের সভাপতি কেরামত আলী। কিন্তু ওই এলাকায় খুঁজে এ নামে কোনো মাদ্রাসা পাওয়া যায়নি। আর কেরামত আলী নামে ওই গ্রামে কেউ নেই বলে জানান গ্রামবাসী। পিআইওর কার্যালয়ে দেওয়া কেরামত আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলেই ফোন কেটে দেন। পিআইও আনিছুর রহমান বলেন, তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন। সরেজমিনে জানা গেছে, উপজেলার চারআনিপাড়া জামে মসজিদ সংস্কারের নামে বিশেষ বরাদ্দের চার মে.টন, মধুপুর ঈদগাহ মাঠ সংস্কারে দুই মে.টন, ঠাটারীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা সংস্কারে চার মে.টন, বসন্তপুর পশ্চিমপাড়া কবরস্থান সংস্কারে তিন মে.টন ও বাতাশন ঈদগাহ মাঠ সংস্কারে চার মে.টন গম বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়নি।চারআনিপাড়া জামে মসজিদ সংস্কার প্রকল্প কমিটির সভাপতি ফারুক হোসেন বলেন, ‘কাজ শুরু করিনি, করব। বর্ষার কারণে দেরি হচ্ছে।’বসন্তপুর পশ্চিমপাড়া কবরস্থান সংস্কার প্রকল্প কমিটির সভাপতি আতিকুর রহমান বলেন, ‘গম তুলতে অফিসে কিছু খরচ হয়েছে। বাকি টাকায় কাজ হবে, তবে একটু সময় লাগবে।’এ ছাড়া অন্যান্য প্রকল্পের সভাপতিরাও কাজ না করার ব্যাপারে নানা অজুহাতের কথা জানান। বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক বলেন, ‘টিআরের সাধারণ ও বিশেষ প্রকল্পের কোথাও কোনো কাজ হয়নি। এগুলো লোকজন প্রকল্পের নামে লুটপাট করে খেয়েছে।’ বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার বলেন, ‘জুনের শেষ সময়ে বরাদ্দ পাওয়ায় প্রকল্পের গম তড়িঘড়ি করে ছাড় দেওয়া হয়েছে। তবে কাজ হবে। একটু সময় লাগবে।’ অপরদিকে তারাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে সরকার সাধারণ টিআরের ২০৯ মে.টন ও বিশেষ কোটায় ৫০ মে.টন গম বরাদ্দ দিলেও কাজ না করে তা লোপাট করার অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা গেছে, হাজীপুর প্রামাণিকপাড়া এবতেদায়ী মাদ্রাসা সংস্কারের জন্য সাধারণ কোটায় দুই মে.টন গম বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের কোনো কাজ হয়নি। প্রকল্প চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ‘চেয়ারম্যানের লোক আগে ১০ হাজার টাকা নেছে। গম তুলবার যায়া পিআইও নেছে এক হাজার ৭০০ টাকা। কাম করমো কী দিয়া? এইগলা তো দেখেন না।’লক্ষ্মীপুর এতিমখানা শিশুসদনের নামে বরাদ্দ পাওয়া গেছে দুই মে.টন গম। প্রকল্প চেয়ারম্যান মজনু মিয়া বলেন, ‘গম বিক্রির টাকা জমা আছে। বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না।’এ ছাড়া কিসামত মেনানগর ২ নম্বর তেলীপাড়া মাদ্রাসা সংস্কারের জন্য দুই মে.টন; কিসামত মেনানগর দিনাপাড়া কবরস্থান, কবলা ফোরকানিয়া মাদ্রাসা, নদীরপাড় জামে মসজিদ, জলুবর সরকারপাড়া জামে মসজিদে এক মে.টন করে; পশ্চিম কুর্শা জিগাতলা বিএম কলেজ সংস্কারের জন্য পাঁচ মে.টন, ফাজিলপুর মৌজায় পশ্চিম সরকারপাড়া জামে মসজিদে তিন মে.টন, সরকারপাড়া এবতেদায়ী মাদ্রাসায় দুই মে.টন, ফরিদাবাদ সরকার ঈদগাহ মাঠ সংস্কারে তিন মে.টন গম বরাদ্দ দেওয়া হলেও সরেজমিন দেখা গেছে, কোনো কাজ হয়নি। প্রকল্প কমিটিগুলোর সভাপতিরা প্রায় অভিন্ন কথা বলেছেন, কাজ পরে করবেন।তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা টিআর ও কাবিখা (সাধারণ) কমিটির সভাপতি নুরুন্নবী দুলাল ও বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, টিআরের প্রকল্পগুলোতে কাজ হলো কি না তা নিশ্চিত হয়ে গম ছাড় দেওয়ার কথা পিআইওর। এ ক্ষেত্রে অনিয়ম হলে সেটা তাঁদের ওপর বর্তায়। তবে প্রকল্প প্রদানে তাঁরা কারও কাছ থেকে টাকা নেননি বলে দাবি করেন।বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় পিআইওর দায়িত্ব পালন করছেন আনিছুর রহমান। তিনি অনেকটা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমি একা কী করব। সবাই মনে করে, টিআরের কোনো কাজ করতে হবে না। ব্যবস্থা নিলে রাজনৈতিক তদবির শুরু হয়। কোন দিকে যাই।’ প্রকল্পের গম ছাড়ে কারও কাছ থেকে টাকা নেননি বলে তিনি দাবি করেন। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘কাজ না করে কেউ গম আত্মসাৎ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’