টিআরের বরাদ্দ নিয়ে সাংসদ উপজেলা চেয়ারম্যান দ্বন্দ্ব
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের বরাদ্দ নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির সাংসদ এ কে এম হাফিজুর রহমান এবং একই দলের উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে।সাংসদ অনুসারীরা চেয়ারম্যানের বিরুদ্ধে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন। এ ঘটনার জেরে চেয়ারম্যান অনুসারীরা প্রতিপক্ষের পাঁচজন নেতা-কর্মীকে দল থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে তাঁরা সাংসদের অনুসারী উপজেলা বিএনপির সভাপতির নিজস্ব কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার মোকামতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংসদ অনুসারী মোকামতলা ইউনিয়ন বিএনপির সদস্য আবদুল লতিফ লিখিত বক্তব্যে বলেন, সাংসদ টিআরের প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের নামে ৩০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেন। সাংসদ তাঁর অনুসারীদের এসব প্রকল্পের সভাপতি করেন। মঙ্গলবারই মোকামতলা ও দেউলী ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্প কমিটির সভাপতি ও সদস্যরা স্থানীয় ব্যাংক থেকে সাত লাখ টাকা তোলেন। ব্যাংক থেকে বের হওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম এবং শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমানের সন্ত্রাসী বাহিনী তাঁদের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওই সন্ত্রাসীরা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়ে আরও সাড়ে তিন লাখ টাকার বিল ছিনতাই করে নিয়ে যায়। বুধবার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে তারা আরও দুই লাখ টাকার চারটি বিল জোর করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রকল্পের ১৪ জন সভাপতি উপস্থিত ছিলেন।এ ঘটনা জানতে পেরে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা সাংসদ অনুসারী পাঁচজন নেতা-কর্মীকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। একই দিন উপজেলা চেয়ারম্যান অনুসারী ছাত্র ও যুবদলের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সভাপতি কামাল সেলিমের নিজস্ব কার্যালয় দখল করে সেখানে তালা ঝুলিয়ে দিয়েছেন।উপজেলা বিএনপির সভাপতি এ বি এম কামাল সেলিম বলেন, গায়ের জোরে এ অব্যাহতি দেওয়া হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এর কোনো ভিত্তি নেই। দলের চেয়ারপারসন ছাড়া কেউ অব্যাহতি দিতে পারে না।শিবগঞ্জ পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। আমি আগে সাংসদের সঙ্গে ছিলাম। এখন তাঁর সঙ্গে না থাকাতেই এমন অভিযোগ করা হচ্ছে।’বিএনপির নেতা ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, ‘সাংসদ তাঁর নামে সরকারের দেওয়া বরাদ্দ ভুয়া প্রকল্প দেখিয়ে ও কাজ না করে টাকা তোলেন। খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের ছেলেরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমি শুনেছি।’সাংসদ এ কে এম হাফিজুর রহমান জানান, ‘উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র তাঁদের সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন প্রকল্পের সভাপতিদের টাকা ছিনতাই করেছে বলে আমি জানতে পেরেছি। সন্ত্রাসী যেই হোক তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’