টিআরের সেই ২৬ প্রকল্পের কাজ শুরু, ফের অনিয়ম?
নড়াইলের লোহাগড়ায় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠা টিআরের সেই ২৬ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত শুক্রবার (২৮ জুলাই) থেকে প্রকল্পগুলোতে কাজ হচ্ছে। তবে নামমাত্র কাজ হচ্ছে বলে অভিযোগ আছে।
ইতনা গ্রামের এস এম মামুনুজ্জামান নামের এক ব্যক্তি এসব প্রকল্পের কাজ আনেন। কিন্তু অধিকাংশ প্রকল্পের কোনো কাজ না করে তিনি এই অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।
প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্র জানায়, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রোকসানা ইয়াসমিন ছুটির অনুকূলে নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে টিআরের ২৬টি প্রকল্পে ১৪ লাখ ৪৯ হাজার ৭৪১ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই ২৬ প্রকল্পের মধ্যে ইতনা গ্রাম এলাকায় ২০টি প্রকল্প দেওয়া হয়। কাজ শেষের মেয়াদ ছিল গত ৩০ জুন। ৩০ জুনের মধ্যে কাজ শেষ হয়েছে দেখিয়ে সব প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে।
প্রথম আলোর পক্ষ থেকে গত ২৫ ও ২৬ জুলাই মাঠপর্যায়ে অনুসন্ধান করে দেখা যায়, অধিকাংশ প্রকল্পে কোনো কাজ হয়নি। একই জায়গায় ভিন্ন ভিন্ন নামে প্রকল্প দিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পে যাঁদের নাম-পরিচয় দেওয়া হয়েছে, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। এসব প্রকল্পের খবর জানার পর প্রকল্প এলাকার লোকজন বিস্ময় প্রকাশ করেন। এ নিয়ে প্রথম আলোয় ‘কাজ না করেই অর্থ আত্মসাৎ’ শিরোনামে গত ২৭ জুলাই একটি সংবাদ প্রকাশিত হয়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তখন প্রশাসনের টনক নড়ে।
গতকাল সোমবার সকালে গিয়ে দেখা গেছে, ইতনা চরপাড়া সৈয়দ আলীর বাড়ি থেকে মহিদের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে শ্রমিকেরা কাজ করছেন।
ইতনা ডাকঘরের পাশে রাস্তা সংস্কারের চারটি প্রকল্প ছিল। তার একটিতে কিছু কাজ আগেই হয়েছিল। পার্শ্ববর্তী বাসিন্দা গৃহবধূ নাসরিন খানম ও হেনা বেগম জানান, গত শুক্রবার থেকে বাকি তিনটি রাস্তায় শ্রমিকেরা মাটি কেটেছেন। এর আগে কখনো এখানে কাজ হয়নি।
স্থানীয় লোকজন জানান, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর যেসব প্রকল্পে কোনো কাজ হয়নি, সেই সব প্রকল্পে কাজ শুরু হয়েছে। তবে কাজ হচ্ছে নামমাত্র। প্রতিটি প্রকল্পে বরাদ্দের ৫৬ হাজার টাকার মধ্যে ১০-২০ হাজার টাকার কাজ হচ্ছে।
ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান প্রকল্প এলাকায় দাঁড়িয়ে বলেন, বর্তমানে যে কাজ হয়েছে, তাতে পাকা রাস্তা থেকে ইতনা ডাকঘর পর্যন্ত রাস্তা সংস্কারে ৮-১০ হাজার টাকা এবং ইতনা রুস্তম মোল্লার বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কারে ২০-২৫ হাজার টাকা খরচ হতে পারে। অথচ প্রকল্প দুটিতে বরাদ্দ ৫৬ হাজার ৫০০ ও ৫৭ হাজার ২৪১ টাকা।
কথিত আছে, প্রতিটি প্রকল্পের জন্য পিআইও কার্যালয়ে ১১ শতাংশ টাকা উৎকোচ দিতে হয়। এর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আরও জায়গায় ভাগ হয়। সে জন্যই কাজ নিম্নমানের হয়।
এ বিষয়ে পিআইও সৈয়দ মো. আজিমউদ্দিনের কাছে জানতে চাইলে পরে কথা বলব বলে ফোন কেটে দেন।
এসব প্রসঙ্গে ইউএনও মনিরা পারভীন বলেন, ‘একার পক্ষে এত প্রকল্প একসঙ্গে দেখা সম্ভব হয় না। এখন দেখব, পুরো কাজ আদায় করব। পিআইও অফিস টাকা নেয় এটা আমার জানা নেই। অভিযোগ উঠেছে, দেখব।’