টিআরের ২৫৫ টন গম ফেরত গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের নামে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সহায়তার (টিআর) ২৫৫ টন গম ফেরত পাঠানো হয়েছে। গত বুধবার এই গম বিতরণের শেষ দিন ছিল।পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাসানুর রহমান জানান, গত মে মাসে মসজিদ, মন্দির ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন খাতে উপজেলা পরিষদের অনুকূলে ২৫৫ টন গম বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বরাদ্দপত্র পাওয়ার পর উপজেলা উন্নয়ন কমিটির সভায় সাতটি ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়। পরবর্তী সময়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা প্রতিষ্ঠানের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। এ তালিকা উপজেলা পরিষদের উপদেষ্টা স্থানীয় সাংসদ গোলাম সবুরের কাছে পাঠানো হলে, তিনি আপত্তি জানান এবং আরেকটি তালিকা ইউএনওর কাছে জমা দেন। চেয়ারম্যানরা সাংসদের তালিকা নিয়ে দ্বিমত পোষণ করলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে প্রকল্প অনুমোদন ও গম নির্ধারিত সময়ের মধ্যে ছাড় না করানোয় তা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।চরদুয়ানী ইউপি সদস্য আ. ছত্তার মুন্সি বলেন, গম ফেরত যাওয়ায় এলাকার প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ বঞ্চিত হলো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. জব্বার গম ফেরত যাওযার বিষয়টি নিশ্চিত করে বলেন, গম কেন ফেরত গেছে, তা উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ভালো বলতে পারবেন। ইউএনও মো. সোহরাব হোসেন বলেন, চেয়ারম্যান ও সাংসদের সমন্বয়হীনতার কারণে সময়মতো প্রকল্প বাস্তবায়ন করা যায়নি বলে গম ফেরত গেছে। স্থানীয় সাংসদ গোলাম সবুর চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি।