টিআরের ৩০ প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন
কিশোরগঞ্জের নিকলীর দামপাড়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ৩০টি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে বরাদ্দ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় দামপাড়া ইউনিয়নে ৩০টি প্রকল্প হাতে নেয় সরকার। গত ৩০ জুন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতিটি প্রকল্পের বিপরীতে দুই মেট্রিক টন করে গমের সরবরাহ আদেশ (ডিও) দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে চিঠি দেন। একই দিন ওই ৩০ প্রকল্পের সভাপতিদের নামে গমের পরিবর্তে ১ হাজার ৭১৪ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি প্রকল্পের বিপরীতে দেওয়া খাদ্যশস্যের সরকারি দাম ধরা হয় প্রায় ৬০ হাজার টাকা। এ হিসাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় ১৮ লাখ টাকার খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দামপাড়া ইউনিয়নের কয়েকটি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন রাস্তা, কালভার্ট মেরামতের ৩০টি প্রকল্পের বেশির ভাগই পরিষদের সদস্যদের নামে। কয়েকটি প্রকল্পের সভাপতি মসজিদ বা মন্দিরের প্রধানেরা। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দামপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হাসিম বলেন, তাঁরা শুধু শুনেছেন দামপাড়ায় অনেকগুলো প্রকল্পের কাজ হচ্ছে। কিন্তু কোনো কাজ তাঁদের চোখে পড়েনি।
‘বাবুরিয়া ঘাটলার অসমাপ্ত কাজ সমাপ্তকরণ’, ‘ভাটির খালের স্লুইসগেটের গোড়ায় মাটি ভরাট’, ‘শেখেরহাটি ঈদগাহ মাঠের পশ্চিম পাশে মাটি ভরাট’, ‘মির্জাপুর থেকে ড্রেন পর্যন্ত রাস্তা সংস্কার’, ‘সিরাজের জমি থেকে শফিকের জমি পর্যন্ত রাস্তা সংস্কার’ প্রকল্প ঘুরে দেখা গেছে, এসব প্রকল্পের কোনো কাজ হয়নি। নামাহাটির আব্বাস আলী বলেন, গ্রামের আবুল হোসেনের বাড়ি থেকে ফকির বাড়ির ড্রেন পর্যন্ত রাস্তা সংস্কারে কোনো কাজ হয়নি। চৌধুরীহাটির ফেরদৌস মিয়া বলেন, তাঁদের গ্রামে আলী হোসেনের বাড়ি থেকে বাদলের বয়লার পর্যন্ত রাস্তায় মাটি ভরাট করা হয়নি।
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ৮-১০টি প্রকল্পের কাজ হয়নি। অনেকগুলো প্রকল্প স্থান এখনো পানির নিচে থাকায় কাজ শুরু করা যায়নি। তিনি বলেন, তাঁর ইউপির সদস্য মো. শামসুদ্দিন তদবির করে মন্ত্রণালয় থেকে ৬০ টন গম বরাদ্দ এনেছেন। গমের বদলে চাল দেওয়া হয়েছে। বাজারে চালের দাম কম। তাই প্রতিটি প্রকল্পে সাড়ে ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছে। ইউপি সদস্য শামসুদ্দিন বলেন, ১ হাজার ৭১৪ কেজি চাল ১৪ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। সে হিসাবে প্রতিটি প্রকল্পে প্রায় ২৪ হাজার টাকার চাল বিক্রি হয়েছে। কিন্তু প্রতিটি প্রকল্পে মাত্র সাড়ে ছয় হাজার টাকা দেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি।
এলাকার অনেকের অভিযোগ, সব প্রকল্পের ডিও বিক্রি করে দেওয়া হয় উপজেলা যুবলীগের কর্মী মো. আলামিনের কাছে। আলামিন বলেন, ‘আমি ও ব্যবসায়ী লিটন মিলে ৩০টি প্রকল্পের চাল কিনেছি। চালের টাকা পরিশোধ করে দিয়েছি। প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিষয়ে কিছু জানি না।’
৮ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম তিনটি প্রকল্পের সভাপতি। গত শুক্রবার তিনি বলেন, ‘চেয়ারম্যান আমাকে দুটি প্রকল্পের জন্য সাড়ে ছয় হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা দিয়েছেন। এই টাকায় যতটুকু সম্ভব কাজ করেছি। আর একটি প্রকল্পের টাকা চেয়ারম্যানের কাছে আছে। তিনি কাজ করিয়েছেন।’
সিরাজের জমি থেকে শফিকের জমি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রহিমা আক্তার। তিনি বলেন, ‘আমার নামে কাজ আছে কি না, জানি না। আমার সব কাজ চেয়ারম্যান নিজেই করেন।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি প্রকল্প এলাকা পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও মো. মাহবুব আলম বলেন, প্রকল্পের কাজ না হয়ে থাকলে নিয়ম অনুযায়ী প্রকল্পের সভাপতির কাছে টাকা ফেরত চেয়ে চিঠি দেওয়া হবে। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হবে।