টিআরের ৪ টন গম আত্মসাৎ!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাকসন উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গ্রামীণ অবকাঠোমো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের চার মেট্রিক টন গম বিক্রি করে বেশির ভাগ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই গম বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য সেকেন্দার আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় উপজেলার বাকসন উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের বিপরীতে চার মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহম্মদ শাহ আলমকে প্রকল্পের সভাপতি করে একটি কমিটিও করা হয়। লিখিত অভিযোগে বলা হয়, শাহ আলম চার মেট্রিক টন গম ৫৬ হাজার টাকায় বিক্রি করেছেন। বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে তিনি মাত্র ছয় হাজার টাকার মাটি কাটার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেছেন। মোহম্মদ শাহ আলম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ২০ থেকে ২৫ হাজার টাকার মাটি কাটা হয়েছে।