টিআর-কাবিখার প্রলোভন দেখিয়ে ভোট প্রার্থনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর। গাইবান্ধায় এ নির্বাচন নিয়ে অন্য রকম আমেজ বিরাজ করছে। এ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের তেমন আগ্রহ না থাকলেও জনপ্রতিনিধিদের মধ্যে উৎসাহ বেশি। টিআর-কাবিখা দেওয়ার প্রলোভন দেখিয়ে কোনো কোনো সাংসদ ও তাঁদের লোকজন ভোট চাইছেন বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধায় এই নির্বাচনে মূল আলোচনায় উঠে এসেছেন আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী। তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম। একই পদে কাপ-পিরিচ নিয়ে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল।

নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাসদ-সমর্থিত সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম। খাদেমুলসহ অন্য চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করে বলেন, মোজাম্মেল হক মণ্ডলকে সমর্থন দিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম ও তাঁর লোকজন। সৈয়দ শামস-উল-আলমকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন। তাঁরা টিআর কাবিখা দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতিনিধিদের কাছে ভোট চাইছেন। এতে অন্য প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান বলেন, ‘আমাদের টিআর-কাবিখা দেওয়াসহ নানা প্রলোভন দেখানো হচ্ছে। কোনো কোনো প্রার্থী টাকা দিচ্ছেন।’

এদিকে একই দলে দুই প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হতে পারে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আশঙ্কা করছেন। এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ শামস-উল-আলম গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী। তবে একই দলের দুজন প্রার্থী হওয়ায় আমার সামান্য ভোট কমতে পারে। কিন্তু আমি জয়ী হব। কারণ, গত পাঁচ বছরে জেলা পরিষদের প্রশাসক হয়ে অনেক উন্নয়ন করেছি।’

মোজাম্মেল হক গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘আমি বিদ্রোহী প্রার্থী নই। আমরা এক দলের। নেত্রী সবাইকে ভোট করার অনুমতি দিয়েছেন। যিনি নির্বাচিত হবেন, তিনিই হবেন দলের চেয়ারম্যান।’ তিনি অভিযোগ করেন, ‘গোবিন্দগঞ্জে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন সৈয়দ শামস-উল-আলমের পক্ষে ভোট মেরে নেবেন বলে প্রচারণা চালাচ্ছেন। আমি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে আবেদন দিয়েছি।’ তবে ভোট মেরে নেওয়া প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগটি ভিত্তিহীন। আমি কারও পক্ষে প্রচারণা চালাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘সৈয়দ শামস-উল-আলম জনপ্রিয়তায় এগিয়ে আছেন। এ ছাড়া আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিয়েছেন। তবে টিআর-কাবিখার প্রলোভন দেখানোর অভিযোগ সঠিক নয়।’

অভিযোগ অস্বীকার করে মনজুরুল ইসলাম বলেন, ‘সাংসদেরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। আমরা কোনো প্রচারণা চালাচ্ছি না। তবে এখানে মোজাম্মেল হক বেশি ভোট পাবেন।’

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন সৈয়দ শামস-উল-আলম, মোজাম্মেল হক মণ্ডল, খাদেমুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার (ঘোড়া) ও আমিনুল ইসলাম (মোটরসাইকেল)। জেলায় মোট ভোটার ১ হাজার ১১৭ জন।