টিউলিপের জয় ঠেকাতে খালেদার ছেলে সব চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত বাধা অতিক্রম করে টিউলিপকে নির্বাচনে জিততে হয়েছে। টিউলিপের জয় ঠেকাতে খালেদার ছেলে সব রকম চেষ্টা করেছে। সে লোক পাঠিয়ে ভোটারদের ওপর হামলা পর্যন্ত করেছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিজয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে ধন্যবাদ জানিয়ে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
টিউলিপ বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।
উল্লেখ্য, শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন।
ব্রিটিশ পার্লামেন্টের তিন সদস্যকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব উত্থাপন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। বিজয়ী হওয়ার পর হাউস অব কমন্সে ভাগনির প্রথম বক্তৃতার দিন সেখানে উপস্থিত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খুবই অবাক লাগে, সেই ছোট্ট টিউলিপ আজ ব্রিটিশ পার্লামেন্টে। সেখানে বক্তৃতা দিয়েছে এত সাবলীলভাবে, চমৎকারভাবে কথাগুলো বলেছে, গর্বে আমাদের বুক ভরে গেছে। জয়-পুতুল-ববি আমরা সবাই উপস্থিত ছিলাম। একটা বিরল সম্মাননা সেখানে বসে দেখেছি।’
১৯৭৫-এর ১৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন ঘটনা তুলে ধরে শেখ রেহানা প্রসঙ্গে বোন শেখ হাসিনা বলেন, ‘বাবা সততার সঙ্গে রাজনীতি করেছেন। আমাদের এমন কোনো আর্থিক সংগতি ছিল না বিদেশে পড়াশোনা করার। রেহানার বিয়ের ব্যাপারে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আগেই প্রস্তাব দিয়েছিলেন। আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমাদের তখন কিছু নেই, কেউ নেই। পড়াশোনার খরচ দেওয়ার মতো কেউ ছিলেন না। বাবার একজন বন্ধু, রেহানাকে একটি চাকরির ব্যবস্থা করে দেন। সেখানেই তাঁর বিয়ে হলো। সম্পূর্ণ একা। মা-বাবা ছাড়া। সেখানে বাবার সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি রুহুল কুদ্দুস, শিল্পপতি জহুরুল ইসলাম রেহানার পাশে ছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘বাবা প্রধানমন্ত্রী ছিলেন, রেহানা প্রধানমন্ত্রীর মেয়ে। এরপর আমি দুবার প্রধানমন্ত্রী হয়েছি। প্রধানমন্ত্রীর বোন। রেহানা কিন্তু তার কষ্টের জীবন সেভাবেই কাটিয়েছে। কোনো সময় এতটুকু সুযোগ-সুবিধা নেওয়ার কথা চিন্তা করেনি। এখনো সে বাসে ঝুলে অফিসে যায়। এখনো সে নিজে উপার্জন করে চলে।’
১৯৮২ সালে টিউলিপের জন্মের সময় বোন রেহানার কাছেই ছিলেন শেখ হাসিনা। ওই সময়ের স্মৃতিচারণও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট টিউলিপ লেখাপড়া শিখেছে, নিজে চাকরি করেছে। অতটুকু একটা ছোট মানুষ কী যে কষ্ট করতে পারে, ভাবলে অবাক লাগে। তিনি বলেন, ‘রেহানা শুধু নিজের ছেলেমেয়ে নয়, আমার দুই সন্তানকেও মানুষ করেছে। আমি যখন দেশে ফিরে এসেছি, জয়-পুতুলকে ও-ই মানুষ করেছে। পাঁচটা বাচ্চার গার্জিয়ান রেহানা।’
টিউলিপের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর আমাকে আর রেহানাকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হয়েছে। রেহানা রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে থেকেছিল বলেই আজ টিউলিপ নির্বাচিত হতে পেরেছে। এর মাধ্যমে তার যাত্রা শুরু হলো।’ পাবনার মেয়ে রূপা হক এবং সিলেটের মেয়ে রুশনারা আলীও বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেন তিনি।
প্রস্তাবের ওপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, আবদুল মান্নানসহ কয়েকজন সংসদ সদস্য আলোচনা করেন।