রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের টিউশন ফি অন্য খাতে খরচ করায় কোর্সটি বন্ধের উপক্রম হয়েছে। প্রতিবাদে কোর্সের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কোর্সের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন।
এ সময় অধ্যক্ষ এ বি এম মনসুর রহমান শিক্ষার্থীদের বলেন, বর্তমানে তহবিলে যে টাকা আছে, তা দিয়ে কোর্স চালানো সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। সেখান থেকে হয়তো একটা পদক্ষেপ আসবে। তখন এ সমস্যার সমাধান হতে পারে। এরপর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।
৩ মার্চ প্রথম আলোয় ‘টিউশন ফির কোটি টাকা নয়ছয়’ শিরোনামে একটি খবর ছাপা হয়।
আইএইচটি সূত্র জানায়, ২০১০ সালে প্রতিষ্ঠানটিতে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সটি চালু করা হয়। পাঁচ বছরে ভর্তি হওয়া ২৯০ জন শিক্ষার্থীর কাছ থেকে টিউশন ফি আদায় করা হয় ১ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা। কোর্সটি পরিচালনা করতে পাঁচ বছরে সব মিলিয়ে খরচ করা হয়েছে ৯০ লাখ টাকা। এর মধ্যে প্রথম চার বছরে ৪৫ লাখ টাকা এবং গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরেই খরচ করা হয়েছে ৪৫ লাখ টাকা। এর মধ্যে ২০ লাখ টাকা খরচ দেখানো হয়েছে শিক্ষার্থীদের পেছনে। বাকি ২৫ লাখ টাকা খরচ করা হয় প্রতিষ্ঠানের অন্যান্য খাতে।
শিক্ষার্থীরা জানান, এক কোর্সের টাকা দিয়ে অন্য কোর্সের শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের খরচ চালানোর নিয়ম নেই। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করে এক বছরেই ২৫ লাখ টাকা খরচ করা হয়েছে। এর ফলে কোর্সের শিক্ষার্থীদের জমা টাকার মধ্যে বর্তমানে জমা আছে মাত্র সাড়ে ১২ লাখ টাকা।
শিক্ষার্থীরা জানান, বিএসসি কোর্সের পাঁচটি ব্যাচের মধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পড়াশোনা কিছুদিনের মধ্যেই শেষ হবে। বাকি চারটি ব্যাচের শেষ হতে সময় লাগবে ২০১৮ সাল পর্যন্ত। আর এ বাবদ অর্থের প্রয়োজন হবে প্রায় ৭২ লাখ টাকা। কিন্তু তহবিলে জমা সাড়ে ১২ লাখ টাকা আগামী ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তা ছাড়া এই কোর্সের শিক্ষার্থীরা চিকিৎসকের মর্যাদার জন্য আন্দোলন করায় সরকার নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে। তাই নতুন করে টিউশন ফি আদায় করে কোর্স পরিচালনারও সুযোগ নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, সদ্যবিদায়ী অধ্যক্ষ গাজিউল আলমসহ কয়েকজন সাবেক অধ্যক্ষ শিক্ষার্থীদের টিউশন ফির টাকা নিয়মবহির্ভূতভাবে খরচ করায় এ সংকট তৈরি হয়েছে।