টিউশন ফির ওপর মূসক আরোপ প্রশ্নে আরেকটি রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের এই বেঞ্চ একই বিষয়ে আরেকটি রুল দিয়েছিলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে মূসক আরোপ করে গত ৪ জুলাই প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে রিট আবেদনটি করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। গতকাল এই আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম সালাউদ্দিন। পরে আদালত রুল দেন।

আদেশের পর এ কে এম সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, অর্থ, শিক্ষা ও আইনসচিব, জাতীয় রাজস্ব বোর্ড ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সাড়ে ৭ শতাংশ মূসকের এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে আরও একটি রিট হয়েছিল। গত ৯ আগস্ট ওই রিটের প্রাথমিক শুনানি শেষে একই বেঞ্চ রুল দিয়েছিলেন। ওই আবেদনে বলা হয়েছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করারোপ করা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করা হয়নি। এটা বৈষম্যমূলক।