টিউশনি বন্ধের নির্দেশনা মানছেন না শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা টিউশনি বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মানছেন না।জানা গেছে, উপজেলায় মোট ৩৭টি বেসরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক শিক্ষার্থীদের বাসায় গিয়ে অথবা নিজ নিজ বাসায় সাইনবোর্ড টাঙিয়ে অর্থের বিনিময়ে পড়াচ্ছেন। এ কারণে শিক্ষকেরা বিদ্যালয়ে সঠিকভাবে লেখাপড়ার দায়িত্ব পালন করতে পারছেন না। শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০০৮ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষকদের টিউশনি বন্ধের নির্দেশনা জারি করে। কিন্তু সে নির্দেশনা এখনো পর্যন্ত শিক্ষকেরা মানছেন না বলে অভিযোগ উঠেছে।ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পেয়ে সভা-সেমিনার করে শিক্ষকদের টিউশনি করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু নিষেধ না মেনে অনেক শিক্ষক টিউশনিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন। এতে বিদ্যালয়ের ভালো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এ কারণে টিউশনি বন্ধ করতে সব শিক্ষককে গত ২৫ সেপ্টেম্বর নতুন করে চিঠি দেওয়া হয়েছে। একই ধরনের কথা বলেছেন ধুনট এনইউ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, এলাঙ্গী দ্বিমুখী উচ্চবিদ্যালয়, গোসাইবাড়ী এ কে এম উচ্চবিদ্যালয়, নিমগাছি উচ্চবিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, ‘আমরা কখনো কাউকে জোর করে প্রাইভেট পড়াতে চাই না। ছাত্রছাত্রীদের প্রয়োজনেই তারা আমাদের কাছে প্রাইভেট পড়তে আসে। অনেক শিক্ষার্থীর অভিভাবকের অনুরোধে তাদের পড়াতে হয়।’প্রাইভেটপড়ুয়া কয়েকজন ছাত্র জানায়, সেখানে স্যারদের কাছে নিরিবিলি পরিবেশে লেখাপড়া করা যায়। ক্লাসে অনেক ছাত্রের মধ্যে পড়া ভালো বোঝা যায় না। অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে প্রাইভেট পড়তে হবে। এর মধ্যে অনেকেই আবার স্যারদের সঙ্গে ভালো খাতির রাখতেও প্রাইভেট পড়ে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকদের টিউশনি বন্ধের জন্য পত্র পাঠানো হয়েছে। এর পরও যদি কেউ টিউশনি বন্ধ না করেন, তাহলে কয়েক দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি জানান, অনেক শিক্ষক রাজনৈতিক পরিচয় দিয়ে বিদ্যালয়ে শিক্ষকতা না করে টিউশনি করতে ব্যস্ত থাকেন। এসব শিক্ষকের টিউশনি করার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে এবং জরুরিভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম জানান, প্রতিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শিক্ষকদের টিউশনি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরও যদি কোনো বিদ্যালয়ের শিক্ষক নির্দেশনা না মানেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।