জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘোষিত ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শীতের কাপড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আল আমিন ও সহসভাপতি রাকিবুল রওশনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সরকারি একটি খালি জায়গায় টিএসসি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এরপর থেকে জায়গাটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি হিসেবে ব্যবহার করছেন তাঁরা। কিন্তু প্রতিবছর শীত শুরুর আগে চারপাশে টিনের বেড়া দিয়ে টিএসসিতে শীতের কাপড়ের দোকান বসান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বরাবরের মতো এই অভিযোগ এবারও অস্বীকার করেছেন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল দুপুর ১২টায় অভিযান চালিয়ে ওই টিনের বেড়া অপসারণ এবং প্রায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় দোকানিরা নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেন।