
সাপ্তাহিক ছুটির দিনে বিকেল না-হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সীমানাপ্রাচীর, স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ভিড় জমে আড্ডাপ্রেমীদের। কর্মব্যস্ত সপ্তাহান্তে বা সরকারি কোনো ছুটির দিনে পুরোনো বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার সুযোগ হাতছাড়া করেন না অনেকে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন প্রায় দুই লাখ পরীক্ষার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও অংশ নিতে এসেছিলেন বহু তরুণ। সে করণে টিএসসিতে আড্ডাপ্রেমী তরুণদের ভিড় ছিল তুলনামূলক বেশি।
৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা থাকায় দেশের নানা প্রান্তে কর্মরত তরুণেরা জড়ো হয়েছিলেন ঢাকায়। পরীক্ষার উদ্দেশ্যে ঢাকায় এলেও বিকেলটা বরাদ্দ ছিল বন্ধুদের জন্য। অনেক দিন পর মন খুলে আড্ডা দেওয়ার জন্য আগে থেকেই পরিকল্পনা ছিল অনেকের।
টিএসসি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল তরুণদের ছোট ছোট জটলা। কেউ দেয়ালে বসেছেন, সামনের বসার বেঞ্চে বসেছেন কয়েকজন। জায়গা না পেয়ে দাঁড়িয়েও আছেন দু-তিনজন। তবু আড্ডা থেমে নেই। এমন তিন-চারটি দলের সঙ্গে সময় কাটিয়ে বোঝা গেল, আড্ডা কোনো নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নেই।
খানিকক্ষণ কথা এগোয় বাংলাদেশের সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তো পরক্ষণেই তা বদলে যায় বাংলাদেশের ক্রিকেটে। সেখান থেকে আরও নানা প্রসঙ্গে ঘুরেফিরে তা এসে পৌঁছায় সদ্য সমাপ্ত বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায়।
কর্মস্থল পাবনা থেকে ঢাকায় বিসিএস পরীক্ষা দিতে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খোকন মোহাম্মদ বলেন, ‘অনেক দিন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয় না। দু-তিন দিন আগেই বন্ধুদের সঙ্গে কথা হয়েছিল। বিকেলটা সবাই ফাঁকা রেখেছে এখানে আড্ডা দেওয়ার জন্য।’
আড্ডার বড় অংশজুড়েই থাকল বাংলাদেশের ক্রিকেট সিরিজ। আফগানিস্তানকে বাংলাওয়াশ করতে না পারায় আফসোস করলেন উপস্থিত অনেকেই। তবে তাঁদের বিশ্বাস, তৃতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজ ঠিকই জিতবে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের স্বর্ণালি অভিষেক, নিরাপত্তার শঙ্কা কাটিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আগমনসহ আলোচনায় উঠে এল সাম্প্রতিক সব বিষয়। আড্ডার প্রত্যেকেই যেন হয়ে উঠলেন ক্রিকেট বিশেষজ্ঞ।
কথার পিঠে কথা চলতে থাকল। আড্ডায় উঠে আসে রাজনৈতিক উত্তাপ। সাম্প্রতিক সময়ে শিক্ষিত, আধুনিক ঘরানার তরুণদের
জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বিষয় বাদ পড়ে না। দেশের সীমা ছাড়িয়ে আড্ডার বিষয় হয়ে ওঠে বৈশ্বিক। সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের মতো জটিল বিষয়েও চলে আলোচনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহসিন হোসেন বলেন, ‘তরুণেরা রাজনীতিবিমুখ, বিষয়টা এমন না। তবে মাঠে গিয়ে রাজনৈতিক মিছিল, মিটিংয়ে আগ্রহী নয় অনেকে। এখনকার তরুণদের রাজনীতি-সচেতন বলা যায়। তরুণেরা এমন রাজনীতি চায়, যাতে দেশের উন্নয়ন হবে।’
দর্শকেরা বাংলাদেশের সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তরুণদের আড্ডায় তা বোঝার উপায় নেই। গতকাল মুক্তি পাওয়া অমিতাভ রেজা পরিচালিত ছবি আয়নাবাজি নিয়েও তরুণদের বেশ আগ্রহ। শুধু দেশ নয়, বলিউডের সিনেমাও টানছে তাঁদের। তাই ভারতীয়
ক্রিকেট দলের খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে বানানো সিনেমাও হয়ে উঠল আড্ডার বিষয়।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাবিলা নেওয়াজ বেলন, ‘দর্শক সিনেমা দেখে না, এটা ঠিক না। নির্মাতারা তরুণ দর্শকদের
চাওয়া বুঝতে পারে না। তরুণেরা মনপুরা, ব্যাচেলর-এর মতো সিনেমা হলে গিয়ে দেখেছে। শাকিব খান, আরেফিন শুভদের ছবির গল্প, নির্মাণ ভালো হলে তা-ও দলবেঁধে দেখতে যাচ্ছে।’
দেশ, বিশ্ব ঘুরে একসময় আড্ডা হয় নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও। কোনো কথার সূত্র ধরে সবাই মিলে শুরু হয় একজনকে খোঁচানো। স্মার্টফোন আর ট্যাবের কল্যাণে ব্রাউজিংয়ের সুবিধা এখন হাতের মুঠোয়। আড্ডার ফাঁকেই হয়ে যায় সেলফি তোলা, ফেসবুকের স্ট্যাটাস আপডেট।