টিএসসিতে বিজয়ের প্রথম প্রহর উদ্যাপন

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই উদ্যাপনে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন বিশ্ববিদ্যালয় চত্বরে।
রাত ১২টা ১ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় রাজু ভাস্কর্যের সামনে আতশবাজি ফোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্লোগান-৭১। এ সময় টিএসসি প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
টিএসসিভিত্তিক সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলে বিজয় উৎসব ‘রক্তে রাঙা বিজয় আমার-২০১৫ ’। গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে মুক্তিযুদ্ধে শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এই উৎসব শেষ হবে আজ বুধবার। এই উৎসবের অংশ হিসেবেই বিজয়ের প্রথম প্রহরে ফোটানো হয় আতশবাজি, উড়ানো হয় ফানুস। তবে গতকাল সন্ধ্যা থেকেই ফানুস উড়াচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে টিএসসির সামনে চলে ‘রোড টু ইনডিপেনডেন্ট ১৯৭১’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে বাংলার নবাব সিরাজ উদ্দৌলার পরাজয়ের পর থেকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন পর্যন্ত যাঁরা অবদান রেখেছেন, তাঁদের পরিচিতি তুলে ধরা হয়েছে।

উদ্যাপনে যোগ দিতে হাতিরঝিল থেকে টিএসসিতে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সালমা। স্বামীর সঙ্গে এসেছেন তিনি। সালমা বলেন, এখানে আসার আনন্দ এবং বিজয়ের আনন্দ একসঙ্গে মিশেছে। অনেক ভালো লাগছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে সবকিছু।
বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ও হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে আছে সকাল ৬টা ১৫ মিনিটে উপাচার্য ভবনসহ প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং সকাল ৬টা ৩৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা। এ ছাড়া টিএসসিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছায়ানটের উদ্যোগে বিকেলে অনুষ্ঠিত হবে বিজয় উৎসব। বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য। ৪০ মিনিট ধরে চলবে এই অনুষ্ঠান। আয়োজনে অংশ নেবে ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগসহ দেশের প্রায় চার হাজার নবীন-প্রবীণ শিল্পী।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধের চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।