টিএসসিতে মেয়ের জন্মদিন উদ্যাপন করলেন শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কারও পারিবারিক অনুষ্ঠান করার নিয়ম না থাকলেও অধ্যাপক অহিদুজ্জামান চান গতকাল শুক্রবার সেখানে তাঁর মেয়ের জন্মদিন পালন করেছেন। গতকাল শুক্রবার ছিল অহিদুজ্জামানের মেয়ে অপূর্বার প্রথম জন্মদিন। এ উপলক্ষে অনুষ্ঠানস্থল ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভেতর আলোকসজ্জা করা হয়। গেটের বাইরে উপহারসামগ্রী রাখার ব্যবস্থা করা হয়।কেন্দ্রের পরিচালক আলমগীর হোসেন এ ব্যাপারে বলেন, ‘অহিদুজ্জামান চান পুনর্মিলনীর অনুমতি চেয়েছিলেন। আমরা সে অনুমতি দিয়েছি।’ অহিদুজ্জামান আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে অহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ঈদে ৪০ হাজার কোটি টাকার কেনাকাটা হয়েছে। বাংলাদেশের মানুষ খুব সুখে আছে। আমি সেটা উদ্যাপন করেছি।’অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন অর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমন্ত্রিত ছিলেন। উপাচার্য আরেফিন সিদ্দিক প্রথম আলোর প্রশ্নের উত্তরে জানান, তিনি গতকাল টিএসসিতে অহিদুজ্জামান চানের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।