টিএসসিতে সোডিয়াম বাতির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইছে ব্যান্ড দল মনোসরণি l ছবি: প্রথম আলো
গাইছে ব্যান্ড দল মনোসরণি l ছবি: প্রথম আলো

ঘড়িতে বিকেল পাঁচটার কিছু বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রবেশপথে পৌঁছাতেই দূর থেকে ভেসে আসা গানের সুর কানে এল, ‘সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে’। সুর ধরে এগিয়ে গেলে দেখা যায়, খেলাধুলার কক্ষ শ্রোতাদের ভিড়ে গিজগিজ করছে। শ্রোতারা সবাই যেমন বয়সে তরুণ, তেমনি গাইয়েরাও। পরিচিত গানের লাইনে একদল গলা মেলাচ্ছেন আর তালে তালে বাকিদের হাততালি যেন যন্ত্রানুষঙ্গের কাজ করছে। সব মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার। চলছে ‘সোডিয়াম বাতির গান’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গানের দল এবং সংগীতানুরাগীদের সম্মিলিত আয়োজন সোডিয়াম বাতির গানের চতুর্থ পর্ব ছিল এটি। উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ইয়াসিন শাফির উদ্যোগে এ বছরের মার্চ মাস থেকে এই আয়োজন শুরু হয়।
গত বৃহস্পতিবার টিএসসির গেমস রুমে গিয়ে দেখা যায়, মেঝেতে শতরঞ্জির ওপর শ দেড়েক ছেলেমেয়ে বসে আছেন। যাঁরা ভেতরে বসার জায়গা পাননি, তাঁরা বাইরের বারান্দায় ঠাঁই করে নিয়েছেন। শ্রোতাদের সামনে এক ফালি খালি জায়গাটিই মঞ্চ। এখানে চেয়ার পেতে শিল্পীদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর কয়েক রঙের বাতির সাহায্যে পুরো ঘরটিতে তৈরি করা হয়েছে সোডিয়াম বাতির হলুদ আবহ।
সোডিয়াম বাতির গান কেন—জানতে চাইলে ইয়াসিন শাফি বলেন, ‘প্রথম বর্ষে যখন পড়তাম, তখন সোডিয়াম লাইটের নিচে রাত জেগে হাঁটাহাঁটি করতাম। বড় ভাইদের গান শুনতাম। সোডিয়ামের হলুদ আলোর আবহটা খুব আনন্দ দিত। সেই আবহ, সেই মায়াটাকে তুলে ধরতেই অনুষ্ঠানের নামটা এমন।’
ক্যাম্পাসের গানের দলগুলোর একটি সাধারণ মঞ্চ তৈরির পরিকল্পনা নিয়ে ইয়াসিন গত বছর থেকে পরিচিতদের সঙ্গে কথা বলতে শুরু করেন। তারপর চলতি বছরের মার্চ মাসে কাছের বন্ধু ও ক্যাম্পাসের বড় ভাই, ছোট ভাইদের সাহায্যে সোডিয়াম বাতির গানের প্রথম পর্বের আয়োজন করেন। ইয়াসিন বলেন, ‘ক্যাম্পাসে অনেক দিন ধরেই সবাই এক জায়গায় বসে আড্ডা-গানের কোনো সুযোগ নেই। বিচ্ছিন্নভাবে অনেকেই গান করেন। তাঁদের সবাইকে একত্র করার চিন্তা থেকেই এটা করা।’ এরপরে এপ্রিল ও মে মাসে দ্বিতীয় ও তৃতীয় পর্বের পর জুন মাসে বিরতি দিয়ে গতকাল বৃহস্পতিবার এর চতুর্থ পর্ব আয়োজিত হয়। এই গানের আয়োজন চলতে থাকবে বলে আয়োজকেরা আশাবাদী।
সোডিয়াম বাতির গানের প্রথম মৌসুমের এই পর্বে অংশ নেয় অনুরণ, প্রাইভেট ইনভেস্টিগেটর, মনোসরণি, সভ্যতা, সামিহা ও ব্লেইজ, সৈয়দ ফরহাদ ও শেকড়। অনুষ্ঠানের তৃতীয় পর্ব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের গানের দলগুলোকেও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবারের দলগুলোর মধ্যে প্রাইভেট ইনভেস্টিগেটর ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। আর মনোসরণি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড।
গান শুনতে আসা অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পৃত্থি মেজবাহিন সব কটি পর্বেই ছিলেন। বললেন, ‘আমরা সারা মাস সোডিয়াম বাতির গানের অপেক্ষায় থাকি। ক্লাস-পরীক্ষার ব্যস্ততা আর একঘেয়েমি কাটাতে এটা একটা ভালো আয়োজন।’
গানের অনুষ্ঠান হলেও এদিন শুধু গানেই আলোচনা থেমে থাকেনি। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে শিল্পী লাকী আখান্দ্-এর চিকিৎসার তহবিল সংগ্রহে অনুষ্ঠেয় কনসার্টে সবাইকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়। সংগীতশিল্পী সভ্যতাও তাঁর পরিবেশনা শেষে একই আহ্বান জানিয়ে বলেন, ‘লাকি আখান্দ্ না থাকলে একটা প্রজন্ম হয়তো বাংলা গানই শুনত না। আমাদের চেষ্টা করতে হবে, যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। আমাদেরও কিছু দায়িত্ব আছে।’