টিএসসিতে 'রক্তে রাঙা বিজয় আমার'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভিত্তিক সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলছে বিজয় উৎসব ‘রক্তে রাঙা বিজয় আমার-২০১৫’। তিন দিনব্যাপী এ উৎসব আজ বুধবার শেষ হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে মুক্তিযুদ্ধে শহীদদের হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি। এতে টিএসসির সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। রাতে একই স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রদীপ প্রজ্বালন কর্মসূচি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে টিএসসির সামনে চলছে ‘রোড টু ইন্ডিপেন্ডেন্স ১৯৭১’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন পর্যন্ত যাঁরা অবদান রেখেছেন, তাঁদের পরিচিতি তুলে ধরা হয়েছে।
এ ছাড়া গতকাল টিএসসি প্রাঙ্গণে স্লোগান একাত্তরের ফানুস উড্ডয়ন, বিতর্ক সংসদের প্লানচেট বিতর্ক, মাইম অ্যাকশনের ‘বুমেরাং’ প্রদর্শনী, আইটি সোসাইটির অনলাইনে মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ সাংবাদিক সমিতির প্রদর্শনী ছাড়াও সকালে সাইক্লিং ক্লাবের বিজয় শোভাযাত্রা, পরিবেশ সংসদের বৃক্ষরোপণ ও উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রয়েছে।