রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) চালুসহ টিএসসিসি ভবন নির্মাণ করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগের জায়গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অপূর্ব চক্রবর্তী, ইকবাল কবির, আলমগীর হোসেন, জুয়েল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে টিএসসিসি বন্ধ থাকার ফলে ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকাণ্ড নানাভাবে ব্যাহত হচ্ছে। তাঁরা অবিলম্বে পূর্ণাঙ্গ টিএসসিসি চালু করার দাবি জানান।গত ৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা পূর্ণাঙ্গ টিএসসিসি চালু ও টিএসসি ভবন নির্মাণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ, উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন ধরনের প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছেন।