রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) পুনর্নির্মাণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার উপাচার্যকে দেওয়া এক স্মারকলিপিতে তারা বলেছে, এ টিএসসিসি সুষ্ঠু সংস্কৃতিচর্চার পথে বাধা। কারণ, এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।
গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিটি দেয় সাংস্কৃতিক জোট। উপাচার্যের পক্ষে সেটি গ্রহণ করেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে টিএসসিসি প্রতিষ্ঠার নামে কিছু পদ সৃষ্টি এবং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়েছে কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ টিএসসিসি ভবনের দাবি আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ১৯৯০ সালে প্রণীত নকশাটিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছিলেন সংস্কৃতিকর্মীরা। কিন্তু সেই নকশাতেই দুই যুগ পর চালু করা হয়েছে টিএসসিসি। সাংস্কৃতিক জোট বলছে, টিএসসিসি মানে একটি মিলনায়তন নয়। টিএসসিসি নামের যথার্থতা রক্ষায় সেখানে সংস্কৃতিচর্চার যুগোপযোগী ব্যবস্থা ও ছাত্র-শিক্ষকদের মিলনমেলার ব্যবস্থা থাকতে হয়। কিন্তু নবনির্মিত টিএসসিসি ভবনে সাংস্কৃতিক সংগঠনগুলোর মহড়াকক্ষগুলো খুবই ছোট। সেখানে একটা চেয়ার-টেবিল রাখলে কর্মীদের দাঁড়ানোর জায়গা থাকবে না। এ ছাড়া ৩৫ হাজার শিক্ষার্থী ও দেড় হাজার শিক্ষকের ক্যাম্পাসে মাত্র ৩০০ আসনের মিলনায়তন করা হয়েছে। নতুন নকশায় নতুন স্থানে যুগোপযোগী টিএসসিসি নির্মাণের পাশাপাশি টিএসসিসির বর্তমান নীতিমালা সংস্কারের দাবি জানিয়েছে জোট।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘সংস্কৃতিকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনগুলো দেখার জন্যই মূলত টিএসসিসি। তাঁদের যে প্রয়োজন আছে সেগুলো আমরা দেখব।’