টিকছে না জোড়াতালির সংস্কার, আতঙ্ক নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি–দীঘিনালার ২১ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে এমন বড় বড় গর্ত। ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।  ছবিটি ১০ অক্টোবর ভৈরফা সেতু এলাকা থেকে তোলা l প্রথম আলো
খাগড়াছড়ি–দীঘিনালার ২১ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে এমন বড় বড় গর্ত। ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি ১০ অক্টোবর ভৈরফা সেতু এলাকা থেকে তোলা l প্রথম আলো

সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে রূপ নিচ্ছে ডোবায়। প্রায় সময় গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। আতঙ্ক নিয়ে চলাচল করছেন যাত্রী ও গাড়িচালকেরা। এ চিত্র খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের। ২১ কিলোমিটার সড়কের পুরোটাই এখন খানাখন্দে ভরা।
সড়ক ও জনপথ বিভাগ সাময়িকভাবে গর্তগুলো ইট-বালু দিয়ে ভরাট করে দিচ্ছে। কিন্তু জোড়াতালির সংস্কার টিকছে না। দুই-এক দিন পর আবার একই অবস্থায় ফিরে যাচ্ছে। ফলে ভোগান্তি থেকে মুক্তি মিলছে না চলাচলকারীদের। এ সড়ক দিয়ে দীঘিনালার পাশাপাশি রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বাসিন্দারা যাতায়াত করেন। চলাচল করে মোটরসাইকেল, যাত্রীবাহী বাস, পিকআপ, মালবোঝাই ট্রাক ও অটোরিকশা। এ ছাড়া বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার একমাত্র মাধ্যম এটি। প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার যাত্রী যাতায়াত করেন।
১২ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সড়কের বন বিহার এলাকায় গর্তে পড়ে আটকে আছে মালবোঝাই একটি ট্রাক। গর্তের কাদায় চাকা আটকে গাড়িটি বিকল হয়ে যায়। একই দিন দুপুরে জমতলী এলাকায়ও আরেকটি মালবোঝাই ট্রাক আটকে থাকতে দেখা যায়। অটল টিলা পাহাড় এলাকায় সড়কের বেশকিছু অংশ ধসে পড়েছে। সেখানে সড়কের ভাঙন রক্ষায় গাছের খুঁটি বসানো হয়েছে। এ ছাড়া কাঁঠালতলী আবাসিক স্কুল, ভগীরথপাড়া, জামতলী আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর, রাবার কারখানা এলাকা, নয় মাইল, সাত মাইল, আট মাইল ও পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র এলাকায় গর্তগুলো ডোবায় পরিণত হয়েছে।
খাগড়াছড়ি-বাঘাইছড়ি রুটের বাসের চালক মনির হোসেন বলেন, খানাখন্দের কারণে গাড়ি চলে। গতি খুব কম থাকে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে দিন দিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যাবে।
যাত্রীবাহী পিকআপের চালক প্রীতি ত্রিপুরা ও সুদীপ্ত চাকমা বলেন, ‘আমাদের গাড়িগুলো প্রতিনিয়ত পর্যটনকেন্দ্র সাজেকে চলাচল করে। এই বেহাল সড়কের কারণে পর্যটকেরা দুর্ভোগ পোহান।’
সড়কে চলাচলকারী যাত্রী ধনবী চাকমা, কুসুম বালা চাকমা, দেলোয়ার হোসেন ও মতিউর রহমান জানান, খানাখন্দের কারণে প্রচণ্ড ঝাঁকুনি খেতে হয়। মাঝেমধ্যে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় এই সড়কে।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কটি আগে রক্ষণাবেক্ষণ করত সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন (১৯ ইসিবি)। চলতি বছরের ২৭ জুলাই ১৯ ইসিবি সড়ক রক্ষণাবেক্ষণের জন্য খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করে। এরপর প্রকৌশলীরা সড়কটি পরিদর্শন করে আগস্ট মাসের প্রথম সপ্তাহে সংস্কারের জন্য প্রধান কার্যালয়ে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি দেন।
এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, ‘সংস্কারের জন্য চার কোটি টাকা বরাদ্দ চেয়ে পত্র দেওয়া হয়েছে। এখনো বরাদ্দ আসেনি। বরাদ্দ এলে দ্রুত সড়কটির সংস্কারকাজ করা হবে। তবে আমরা সাময়িকভাবে সড়কটির বিভিন্ন গর্ত ইট-বালু দিয়ে ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করে রাখছি।’