টিকতে হলে ভালো ছবি নির্মাণ করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল প্রযুক্তিনির্ভর সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, আকাশ সংস্কৃতির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হবে।
আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এখন আকাশ সংস্কৃতি চলে এসেছে। বলতে গেলে সবকিছু এখন মুক্ত হয়ে গেছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার চলে আসায় কোথাও কিছুই আর নিজের মধ্যে লুকিয়ে রাখার সুযোগ নেই। যে কারণে প্রতিযোগিতাও অনেক বেড়ে গেছে। সে জন্য এই শিল্পের বিকাশে আরও যত্নবান হতে হবে। তিনি বলেন, ‘এখন একটা বিষয় খেয়াল রাখা দরকার, আমাদের সমস্ত প্রদর্শনীগুলো যেন আধুনিক ডিজিটাল প্রযুক্তির হয়।’
আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের মেধা মনন ও শক্তি আমাদের দেশের চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছি। কাজেই এ ক্ষেত্রেও আমরা পিছিয়ে থাকব না।’ তিনি চলচ্চিত্র কলাকুশলীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা প্রদানেরও আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ বিজয়ী শিল্পীদের হাতে তুলে দেন। ২৮টি শাখায় বিজয়ী শিল্পীদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। বিশিষ্ট অভিনেতা ও মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম এবং অভিনেত্রী রানী সরকার চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা লাভ করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ। তথ্যসচিব মরতুজা আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনৈতিক মিশনের সদস্য, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, চলচ্চিত্র-সংশ্লিষ্ট কলাকুশলী ও শিল্পীরা উপস্থিত ছিলেন।