টিকফা চুক্তির খসড়া অনুমোদনে ক্ষোভ
যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিকফা) চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও জাতীয় মুক্তি কাউন্সিল। গতকাল সোমবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে একই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ও বাসদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে বলেন, এ চুক্তি দেশের স্বার্থ বিঘ্নিত করবে এবং বাংলাদেশের ওপর সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তার আরও জোরদার করবে। টিকফা হবে বাংলাদেশের জন্য আরেকটি সর্বনাশের বার্তা। দেশের গলায় গোলামির ফাঁস পরানোর পাঁয়তারা।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন, টিকফা চুক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যেতে দেবে না। এ চুক্তি বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন করবে।