যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট (টিকফা) স্বাক্ষরিত না হলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গতকাল শনিবার সংসদে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এ কথা বলেছেন। এর আগে বিকেল পৌনে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এ সম্পর্কে নুরুল ইসলামের (বিএসসি) প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, টিকফা স্বাক্ষরিত না হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিষয়ে দর-কষাকষির সুযোগ হারাবে এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা স্বাক্ষরিত হলে প্রতিবছর অন্তত একবার বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ হবে এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা পাওয়া যাবে। একই সঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনা ও কারিগরি জ্ঞানের উন্নতি এবং উভয় দেশের বেসরকারি বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে ব্যবসার প্রসার সম্ভব হবে।
সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বয়স তিন বছর হলেও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত কর্মক্ষম ও গতিশীল হয়নি। প্রতিষ্ঠানটিকে কার্যকর করতে ৬৪টি জেলার জেলা প্রশাসকদের সভাপতি করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ও ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠনের জন্য প্রবিধান প্রণয়নের কাজ চলছে।
ক্ষমতাসীন দলের মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে জি এম কাদের জানান, ২০১১-১২ সালে দুই লাখ পাঁচ হাজার ৯৬ কেজি এবং ২০১২-১৩ সালের মার্চ পর্যন্ত ৪৪ হাজার ৩০১ কেজি ফরমালিন আমদানি করা হয়েছে। গত বছরের ৭ নভেম্বর সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ফরমালিন আমদানি নিষিদ্ধ করে। এই শর্ত যোগ করার পর এখন পর্যন্ত ফরমালিন আমদানির অনুমতি দেওয়া হয়নি।
অপু উকিলের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের ৯৩টি দেশে ওষুধ রপ্তানি করে থাকে।
ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, সরকারের চিহ্নিত ২৪৩টি ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা নিরাপত্তার দিকটি নিশ্চিত করার জন্য বিজিএমইএ ও বিকেএমইএকে অনুরোধ করা হয়েছে। এসব কারখানা ‘সি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে রূপান্তরের বিষয়টি পরিদর্শন পরিদপ্তর নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে।