টিকফা বৈঠকে জিএসপি নিয়ে আলোচনাই হয়নি: বাণিজ্যসচিব
বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে, উল্টো দিকে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সঙ্গে কমিয়ে আনতে তাদের বাণিজ্য ব্যবধান। এই পারস্পরিক চাওয়া-চাওয়ির মধ্য দিয়ে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শেষ হয় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) তৃতীয় বৈঠক।
যুক্তরাষ্ট্রে কিছু পণ্য রপ্তানিতে যে অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) দিত, ২০১৩ সালের জুনে তা বন্ধ করে দেওয়া হয়েছে। টিকফা বৈঠকে জিএসপি নিয়ে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব শুভাশীষ বসু বলেন, ‘জিএসপি নিয়ে কোনো আলোচনাই হয়নি।’
সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া দিনব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় যৌথ সংবাদ সম্মেলন। ভারপ্রাপ্ত বাণিজ্যসচিবের পাশাপাশি বক্তব্য দেন শ্রমসচিব মিকাইল শিপার, পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
শুভাশীষ বসুর ২২ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। আর যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনসকট নেতৃত্ব দেন ১৩ সদস্যের প্রতিনিধিদলের।
ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব শুভাশীষ বসু বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। একক দেশ হিসেবে বাংলাদেশের অন্যতম রপ্তানি গন্তব্যস্থল যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে জার্মানির চেয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান কমে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অবস্থান ধরে রাখতে তাদের আহ্বান জানানো হয়েছে।
বাণিজ্যসচিব বলেন, ‘বলার চেষ্টা করেছি যে যুক্তরাষ্ট্রে তুলনামূলক বেশি শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য ঢোকে। এটা কমানো উচিত। অন্যদিকে আহ্বান জানিয়েছি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, হালকা প্রকৌশল ইত্যাদি খাতে বিনিয়োগ করতে।’
সেবা খাত থেকে বাংলাদেশি সেবিকা (নার্স) ও মিডওয়াইফরা যাতে যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করতে পারেন, সে জন্য নিয়মকানুন সহজ ও শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যসচিব।
শুভাশীষ বসু বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতি অনুযায়ী, বাংলাদেশসহ সব স্বল্পোন্নত দেশেরই (এলডিসি) যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার পাওয়া উচিত। কিন্তু পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাদের জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব বলেন, করনীতি, ওষুধ আমদানি, মেধাস্বত্ব সংরক্ষণ, আমদানি নিবন্ধন মাশুল, দরপত্র প্রক্রিয়া, শ্রম অধিকার ইত্যাদি নিয়ে তাঁরা হালনাগাদ তথ্য জানতে চান। তাঁরা বলেন, বাংলাদেশের করনীতি এত পরিবর্তনশীল যে আগে থেকে তাঁরা কোন বিষয়ে কত কর, এসব জানতে পারেন না। তাঁদের বলা হয়েছে, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে তাঁরা জানতে পারেন। তাঁদের দাবি বিদেশি ব্যাংকগুলোর কর হার বেশি। বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে কর হার কমে যাবে।
বাংলাদেশ ২০১৫-১৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৬২২ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, একই অর্থবছরে দেশটি থেকে আমদানি করেছে ১০০ কোটি ডলারের পণ্য। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাণিজ্য ব্যবধান কমিয়ে আনা যুক্তরাষ্ট্রের নতুন সরকারের অন্যতম প্রতিশ্রুতি বলে জানান।
বার্নিকাট অবশ্য এ-ও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি এখনো অনেক ভালো, আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো করুক।’ তবে রপ্তানি বাড়াতে বাংলাদেশকে শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল না থেকে কৃষি প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, সেবা—এসব খাতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকে দেয় না, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (আগোয়া) আওতায় আফ্রিকার কিছু দেশকে ঠিকই শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। প্রশ্নোত্তর পর্বে কারণ জানতে চাইলে বার্নিকাট বলেন, ‘শুল্কমুক্তের বিষয়টি একান্তই কংগ্রেসের এখতিয়ারাধীন।’