টিকফা সই হলে বাণিজ্য খাত মার্কিন অধীনস্ত হবে: মেনন

টিকফা চুক্তির ফলে বাংলাদেশের বাণিজ্য খাত মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনস্ত হয়ে পড়বে বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ সোমবার এক বিবৃতিতে দলটির পলিটব্যুরোর পক্ষ থেকে সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এ কথা বলেছেন। তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রীর কিছু আমলা, উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর বিশেষ আগ্রহের ফলে এই খসড়া চুক্তির স্বাক্ষরের বিষয়টি অনুমোদিত হয়েছে। এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এত দিন জিএসপি সুবিধার প্রশ্নটি সামনে নিয়ে এসেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনো বাংলাদেশের মূল রপ্তানিপণ্য পোশাকশিল্পকে জিএসপি সুবিধা দেয়নি এবং এই খাতে জিএসপি সুবিধা দেওয়ার প্রশ্নকে বিভিন্ন রকম শর্তের অধীন করেছে। অন্য খাতে যে জিএসপি সুবিধা এত দিন পাওয়া গেছে, তা খুবই নগণ্য। অথচ এ ধরনের সুবিধার কথা বলে টিকফা চুক্তি স্বাক্ষরের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে বাংলাদেশের বাণিজ্য খাত মার্কিনের অধীনস্থ হয়ে পড়বে। তাঁরা বলেন, টিকফা চুক্তি স্বাক্ষর হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করে দিয়েছে। এর থেকেই বোঝা যায় যে টিকফা চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ কী অর্জন করবে।
টিকফা স্বাক্ষরের উদ্যোগকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যায়িত করে এ চুক্তি স্বাক্ষরের বিরুদ্ধে ২৭ নভেম্বর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছে ওয়ার্কার্স পার্টি।