বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিকফা) ‘অবশ্যপালনীয়’ কোনো চুক্তি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি গতকাল রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের মো. রহমত আলীর প্রশ্নের জবাবে এ কথা জানান। বিকেলে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।রহমত আলী জানতে চান, টিকফা বাস্তবায়িত হলে দেশের জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে? চুক্তির খসড়া জাতীয় সংসদে উত্থাপন করা হবে কি না?জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটি দ্বিপক্ষীয় চুক্তি, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে নিয়মিত আলোচনার জন্য একটি ফোরাম গঠন করবে। ফোরাম উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য যেসব বিষয় পারস্পরিক আলোচনার জন্য উপযুক্ত মনে করবে তা আলোচনা করবে। এটি কোনো অবশ্যপালনীয় চুক্তি নয়।দীপু মনি জানান, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি টিকফা চুক্তির উদ্দেশ্য। তাই প্রস্তাবিত টিকফা চুক্তি স্বাক্ষরের সঙ্গে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্পর্ক নেই বা জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান, টিকফা চুক্তির খসড়া মন্ত্রিপরিষদে আলোচনার পরিপ্রেক্ষিতে অনুমোদিত হয়েছে। তাই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে স্বাক্ষরিত হতে পারে।পররাষ্ট্রমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ে বলা হয়েছে, দ্বিপক্ষীয় চুক্তি সংসদে উপস্থাপন করার বাধ্যবাধকতা নেই। তবে এ চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। বিএনপির রাশেদা বেগমের প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সীমান্তে হত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ২০০৫ সালে সীমান্তে প্রাণহানির সংখ্যা ছিল ৭৯ এবং ২০১২-তে তা কমে দাঁড়িয়েছে ৩৪-এ। ২০১৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন।আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আট হাজার ৮৪৩ জন নিয়োজিত আছেন। শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ ২০১১ সালে এক হাজার ২৫৩ কোটি, ২০১২ সালে দুই হাজার ১৫৯ কোটি এবং ২০১৩ সালের জুন পর্যন্ত এক হাজার ৬৩৩ কোটি টাকা আয় করেছে।আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানান, পুলিশ বাহিনীর এক হাজার ৯০৮ জন সদস্য শান্তিরক্ষা মিশনে কর্মরত আছেন।