টিকফার প্রতিবাদে বাম সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) স্বাক্ষরের প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি বামপন্থী দল। তারা টিকফাকে ‘জাতীয় স্বার্থবিরোধী’ উল্লেখ করে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট বিক্ষোভ কর্মসূচি পালন করে। গতকাল রাতে যুক্তরাষ্ট্রে দুই দেশের মধ্যে এই চুক্তি হওয়ার কথা।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব শুধু দৈনন্দিন কাজ করা এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলা। টিকফার মতো গুরুত্বপূর্ণ চুক্তি তাদের এখতিয়ারের বাইরে। বিজ্ঞপ্তি।