টিকলেন না মিন্টু, মাহীর সম্ভাবনা উজ্জ্বল

আপিলেও টিকলেন না আবদুল আউয়াল মিন্টু। আবার মনোনয়নপত্র বৈধ হলেও ছেলে তাবিথ আউয়াল নির্বাচন করতে আগ্রহী নন। এই অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে মাহী বি চৌধুরীর বিএনপির সমর্থন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমর্থন দেবে বিএনপি। তবে উত্তরে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
গতকাল শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিপন্থী সংগঠন ‘শত নাগরিক’-এর আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আবদুল আউয়াল মিন্টু তাঁর প্রার্থিতার বিষয়ে উচ্চ আদালতে যাবেন। এরপর উত্তরে প্রার্থী সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মিন্টুর প্রার্থিতা বৈধতা না পেলে কে সমর্থন পাবেন—এমন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন, এ বিষয়ে চিন্তা করার লোক আছে।
এমাজউদ্দীন আহমদ জানান, বিএনপি-সমর্থিত প্রার্থীরা ‘আদর্শ ঢাকা গড়ার আন্দোলন’ স্লোগান নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
মিন্টুর পারিবারিক সূত্র জানায়, বাবার মনোনয়ন না টেকায় হতাশ হয়েছেন তাবিথ আউয়াল। এই অবস্থায় তিনি নির্বাচন করতে আগ্রহী নন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে এ খবর পৌঁছে দিয়ে বিকল্প প্রার্থী দেখতে বলা হয়েছে। পরিবার মনে করছে, মিন্টুর মনোনয়ন বাতিল হওয়ায় নানা সংশয়-সন্দেহ তৈরি হয়েছে। এ নিয়ে নানা কথা হচ্ছে। এখন তাবিথ নির্বাচন করলে বিএনপিতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। কারণ, ছেলের জন্য মিন্টু ইচ্ছা করে মনোনয়নপত্রে ‘ভুল’ করেছেন বলে যে প্রচার আছে, তাবিথ নির্বাচনে গেলে তা সঠিক বলে ধরে নেবে অনেকে। মিন্টুর পরিবার এ ঝামেলা এড়াতে চাইছে।
তাবিথ নির্বাচন না করলে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বিএনপির সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বিএনপির সাংসদ ছিলেন। পরে বিএনপি থেকে বের হয়ে তাঁরা বিকল্পধারা গঠন করেন। কিন্তু তাঁদের সঙ্গে ইতিমধ্যে দলটির সখ্য গড়ে উঠেছে। চলমান আন্দোলনে বিকল্পধারা সরাসরি সম্পৃক্ত না হলেও বিএনপি জোটের প্রতি তাঁদের সহানুভূতি আছে। এ কারণে বিএনপির নেতাদের একটি অংশ মাহী বি চৌধুরীকে সমর্থন দেওয়ার পক্ষে।
জানতে চাইলে গতকাল রাতে মাহী বি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিল হওয়াটা আমার জন্য সুখের না। উচ্চ আদালতে তাঁর সুন্দর ফল প্রত্যাশা করি। এর পরও যদি তাঁর মনোনয়ন বাতিল বহাল থাকে, তাহলে যে শূন্যতা সৃষ্টি হবে, তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আমার প্রতি যদি আশীর্বাদ বা সমর্থন আসে, তবে তা হবে আমার জন্য স্বাভাবিক। কারণ, আমি নিজে ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী চেতনার মানুষ।’