টিকা কার্যক্রমের টাকা আত্মসাতের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রমের টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল বারী সই জাল করে এই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে৷
এ বিষয়ে ১৩ মে প্রথম আলোয় ‘হাম-রুবেলা টিকার টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সিভিল সার্জন ১৪ মে এই তদন্ত কমিটি গঠন করেন৷
সিভিল সার্জন মোশায়ের-উল-ইসলাম জানান, প্রতিবেদন প্রকাশের পর ডেপুটি সিভিল সার্জন নুরুল হুদাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷ কমিটির অন্য সদস্যরা হলেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মাসতুরা বেগম এবং সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমদাদুল হক৷
গতকাল মঙ্গলবার সকালে নুরুল হুদা ও মাসতুরা বেগম নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তে আসেন৷ তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে লিখিত বক্তব্য নেন৷ তদন্ত শেষে নুরুল হুদার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে৷ এ মুহূর্তে কিছু বলা যাবে না৷
এদিকে নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক জানান, হাম-রুবেলা টিকা কার্যক্রমে তিনি রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেছিলেন৷ তাঁর জন্য আট হাজার ৪০০ টাকা বরাদ্দ ছিল৷ তাঁকে সেই টাকা না দিয়ে সই জাল করে টাকা উত্তোলন করা হয়েছে৷ পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর গত রোববার হাসপাতালের এক কর্মচারী তাঁকে টাকা দিতে এসেছিলেন৷ কিন্তু তিনি সে টাকা নেননি৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন জানান, তিনি বিষয়টি দিনাজপুর জেলা প্রশাসককে জানিয়েছেন৷
টিকাদান কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, রেজাউল বারী স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর অনুগত ব্যক্তিদের দিয়ে ইউএনওসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকের সই জাল করে হাম-রুবেলা টিকা কার্যক্রমের টাকা আত্মসাৎ করেছেন৷