টিকা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে উৎসবমুখর পরিবেশে গতকাল শনিবার ১৯তম জাতীয় টিকা দিবস পালিত হয়েছে। পাঁচ বছরের নিচে দুই কোটি ২০ লাখ শিশুকে এদিন বিভিন্ন কেন্দ্রে দুই ফোঁটা পোলিও টিকা ও উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি টিকা দিবসের দ্বিতীয় দফায় শিশুদের পোলিও টিকার পাশাপাশি একটি করে কৃমিনাশক বড়িও খাওয়ানো হবে। দেশের এক লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী ও ২০টি ভ্রাম্যমাণ দল এ বছর টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করে। সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। আজ রোববার থেকে পরবর্তী চার দিন বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা খাওয়ানো হবে। এ বছর দুর্গম পাহাড়ি এলাকা, চরাঞ্চল ও বস্তি এলাকার শিশুদের একজনও যেন বাদ না পড়ে, সে জন্য কিছু বিশেষ উদ্যোগ নেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার গণভবনে আনুষ্ঠানিকভাবে ১৯তম জাতীয় টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে, গতকাল শনিবার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং সিটিসেলের যৌথ উদ্যোগে ১৯তম জাতীয় টিকা দিবস পালিত হয়। এই কর্মসূচির আওতায় আয়োজিত শিশুমেলায় হাসপাতাল প্রাঙ্গণে আড়াই হাজার শিশুকে পোলিও টিকা ও ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়।