টিকা দিয়েও টিকতে পারলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক ছকিমুদ্দিনকে (৬০) গত ৪ সেপ্টেম্বর কুকুরে কামড়ায়। পরদিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ৭০০ টাকা নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুস সামাদ তাঁকে জলাতঙ্ক রোগের ১৪টি প্রতিষেধক টিকা ক্রমান্বয়ে দেন। এতে ছকিমুদ্দিন চিন্তামুক্ত থাকেন। ছকিমুদ্দিনের পরিবারের সদস্যরা জানান, গত ২৮ অক্টোবর থেকে পানি দেখলেই তিনি ভয় পাওয়া শুরু করেন। ২৯ অক্টোবর অসুস্থ অবস্থায় তাঁকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গতকাল বৃহস্পতিবার সকালে সেখানে তিনি মারা যান। মৃতের ছেলে শহিদুল ইসলাম বলেন, ‘আমার বাবার কাছে ৭০০ টাকা নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট আব্দুস সামাদ হাসপাতালে ১৪টি টিকা দিয়েছেন। এরপরও জলাতঙ্কে বাবা মারা গেছেন।’ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আব্দুস সামাদ বলেন, ‘ঠিক কবে ছকিমুদ্দিনকে টিকা দিয়েছিলাম মনে নেই।’ তবে জলাতঙ্ক রোগের টিকা তিনি অন্য জায়গা থেকে কিনে অনেককে দেন বলে স্বীকার করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ্জাহান বলেন, ‘টিকা দেওয়ার পরও জলাতঙ্ক রোগে ছকিমুদ্দিনের মৃত্যুর ঘটনায় গতকাল মেডিকেল কর্মকর্তা আলিমুল বাসারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট মেডিকেল দল গঠন করা হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দেবেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের টিকা নেই। মেডিকেল টেকনোলজিস্ট ওই টিকা কোথায় পেয়েছেন, তা তিনিই ভালো বলতে পারবেন।