টিকা দেওয়ার নামে প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রতিষ্ঠান রক্ত পরীক্ষা ও হেপাটাইটিস-বির টিকা দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে।সুখবিলাস এনভায়রনমেন্ট ফাউন্ডেশন নামের ওই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার পেশাগত প্রশিক্ষণ, এমনকি ডিপ্লোমা সনদ নেই। তার পরও তাঁরা চিকিৎসক ও সেবিকা সেজে স্পর্শকাতর পরীক্ষা চালাচ্ছেন ও লোকজনকে টিকা দিচ্ছেন। এই সুযোগে তাঁরা হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছেন।খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আনোয়ারার বিভিন্ন বিদ্যালয়ে ভেন্যু করে হেপাটাইটিস-বি শনাক্তের জন্য রক্ত পরীক্ষা করছে এবং লোকজনকে টিকা দিচ্ছে। শুরুতে ৫০ টাকা নিয়ে রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় হেপাটাইটিস-বি ধরা না পড়লে (এইচবিএসএজি নেগেটিভ হলে) টিকা দিতে লোকজনকে উদ্বুদ্ধ করা হয়। টিকা নিতে ১০ বছরের কম বয়সীদের কাছ থেকে ২৫০ টাকা ও তার বেশি বয়সী লোকদের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হয়।গত মঙ্গলবার দুপুরে আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের বারান্দায় টেবিল নিয়ে বসে নাম নিবন্ধন করছিলেন আজগর আলী নামের এক ব্যক্তি। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, তিনি ওই সংস্থার চেয়ারম্যান। শুরুতে সবার কাছ থেকে ৫০ টাকা নিয়ে নাম নিবন্ধন করছেন তিনি। পরে রক্ত নেওয়ার জন্য পাশে এক নারীর কাছে পাঠাচ্ছেন। ১০ মিনিট পরই পরীক্ষার ফল দেওয়া হচ্ছে।আজগর আলী বলেন, ‘আমি সুখবিলাস এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান। ইনি ডাক্তার (যিনি রক্ত পরীক্ষা করছিলেন), উনি টেকনিশিয়ান (যিনি রক্ত সংগ্রহকারী), আর ইনি (এক নারীকে দেখিয়ে) বাণিজ্যিক কর্মকর্তা। আমরা নিজেরাই হেপাটাইটিস-বি পরীক্ষা করি ও ভ্যাকসিন (টিকা) দিই। আমরা কানাডা থেকে আনা ভ্যাকসিন (সানভেক্স-বি) দিই। সরকারিভাবে এ ভ্যাকসিনের দাম ৩৮০ টাকা হলেও আমরা নিই ৩৫০ টাকা।’ প্রতিষ্ঠানটি নিবন্ধিত কি না জানতে চাইলে আজগর আলী বলেন, ‘আছে।’ কোত্থেকে নিবন্ধন নিয়েছেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।হেপাটাইটিস-বি পরীক্ষাকারী ব্যক্তির নাম মামুন এলাহী। প্রথমে তিনি নিজেকে চিকিৎসক বলে দাবি করেন। কেমন চিকিৎসক, সনদ আছে কি না জিজ্ঞেস করলে তিনি অসংলগ্ন উত্তর দেন। নিজেকে একবার তিনি চিকিৎসক, আরেকবার কনসালট্যান্ট, শেষে টেকনিশিয়ান বলে পরিচয় দেন। তিনি আরও বলেন, ‘একটি প্রতিষ্ঠান থেকে গত ১৫ এপ্রিল একটি প্রশিক্ষণ শেষ করেছি, যার সনদ এখনো পাইনি।’ হেপাটাইটিস-বি পরীক্ষার ও টিকা দেওয়ার কোনো প্রশিক্ষণ আছে কি না জানতে চাইলে মামুন এলাহী বলেন, ‘ভাই! আমি এ কাজ আর করব না।’আজগর আলী আরও বলেন, ‘আজ (মঙ্গলবার) ৩৮ জন রোগী পেয়েছি। আমরা আনোয়ারার ১২টি জায়গায় এ কাজ করেছি। তা ছাড়া কক্সবাজারের চকরিয়াতেও আমরা এ কাজ করেছি।’ আনোয়ারায় কাজ করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।তবে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘হেপাটাইটিস-বির পরীক্ষা ও টিকা দেওয়া একটি জটিল ও স্পর্শকাতর বিষয়। যে কেউ করতে পারে না। এটি করতে হলে সিভিল সার্জনের অনুমোদন লাগে। যারা এ কাজ করছে, নিশ্চয়ই অপরাধ করছে।’ তিনি জানান, ১৫-২০ মিনিটে হেপাটাইটিস-বির রক্ত পরীক্ষার ফল দেওয়া যায়। কিন্তু যে পরিবেশে ওরা কাজটা করছে, সেটা ঠিক নয়। তবে ‘সানভেক্স-বি’ নামের হেপাটাইটিস-বির একটি টিকা আছে বলে নিশ্চিত করেছেন তিনি।