টিকা দেওয়ার হার ৮০ ভাগ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় গত বছর টিকা দেওয়ার হার ছিল ৮০ ভাগের ওপর। এর আগের বছর এই হার ছিল ৭৯ দশমিক ৪ শতাংশ। তবে ৩২টি জেলায় টিকা দেওয়ার হার ৮০ ভাগের ওপরে হলেও বাকি ৩২টি আছে পিছিয়ে। গতকাল রোববার ২০১১ সালে সম্পাদিত কভারেজ ইভালুয়েশন সার্ভের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সিলেট সিটি করপোরেশন সারা দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল, এখানে টিকাদানের শতকরা হার ৬৮। নবজাতক ও গর্ভবতী নারীদের ধনুষ্টংকার রোধে ইপিআই কর্মসূচিতে ১৫-৪৯ বছর বয়সী সব নারীকে পাঁচ ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু নিয়ম মেনে টিকা নিয়েছেন শতকরা ৩২ দশমিক ১। কর্মকর্তারা আরও জানান, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমুনাইজেশন (গাভি), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সহযোগিতায় চলতি বছর পিছিয়ে থাকা ৩২টি জেলায় বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। এ ছাড়া ইপিআই কর্মসূচিতে এ বছর নারী ও শিশুদের জন্য রুবেলা রোগের টিকা ও ১৫ থেকে ১৮ মাস বয়সী শিশুদের জন্য হামের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ইপিআই কর্মসূচি বাংলাদেশের অন্যতম সফল কর্মসূচি। মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা এই সফলতার নায়ক। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, ১৯৭৯ সালে প্রথম টিকাদান কর্মসূচি শুরু হয়। সে সময় মাত্র দুই শতাংশ শিশু টিকা পেত, অথচ গত বছর ৮০ দশমিক ২ শতাংশ শিশু টিকা পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই অ্যান্ড সার্ভিলেন্স বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক (প্রোগ্রাম ম্যানেজার) তাজুল ইসলাম এ বারী বলেন, ‘বাংলাদেশের জন্য ২০১৬ সালের মধ্যে ৮০ শতাংশ শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা ছিল। বাংলাদেশ বেশ কয়েক বছর আগেই এ লক্ষ্যমাত্রা অর্জন করল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ বছরের মধ্যে এই হার ৯০ শতাংশে উন্নীত করব।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মু. হুমায়ুন কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন ইউনিসেফ, হুসহ অন্যান্য উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।কী আছে জরিপে: দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা ও সিটি করপোরেশনগুলোয় ইপিআইয়ের মাধ্যমে টিকা দেওয়ার সার্বিক অবস্থা জানানোর জন্য প্রতিবছর কভারেজ ইভালুয়েশন সার্ভে অনুষ্ঠিত হয়। ইপিআইয়ের তত্ত্বাবধানে ও ইউনিসেফের সহযোগিতায় এ জরিপ করেছে নিয়েলসন বাংলাদেশ। জরিপে দেখা গেছে, নির্দিষ্ট সময়সূচি মেনে সব টিকা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী বিভাগ, হার শতকরা ৮৫ দশমিক ৮। সবচেয়ে ভালো অবস্থায় থাকা তিনটি জেলা হলো: খুলনা, ঝিনাইদহ ও মুন্সিগঞ্জ। এসব জেলায় টিকা দেওয়ার শতকরা হার যথাক্রমে ৯৩ দশমিক ৯ শতাংশ, ৮৯ দশমিক ৬ ও ৮৯ দশমিক ২ শতাংশ।টিকা দেওয়ার ক্ষেত্রে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে সিলেট, এখানে টিকা দেওয়ার শতকরা হার ৭৪ দশমিক ৮। অঞ্চলভেদে ঢাকা ও চট্টগ্রামের বস্তি এলাকায় টিকা দেওয়ার হার কম। ঢাকার বস্তি এলাকায় এই হার ৭৪ দশমিক ১ শতাংশ ও চট্টগ্রামে ৭১ দশমিক ৮ শতাংশ।