সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে শিশু ও নারীদের জন্য বরাদ্দ করা টিকা সংরক্ষণ হুমকির মুখে পড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিদ্যুতের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। টিকাগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগের জরুরি বা বিশেষ সংযোগ চেয়ে আবেদন জানানো হয়েছে।
সিভিল সার্জন মোযাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কার্যালয়ের গুদামে ৭০ হাজারের মতো টিকা ডিপ রেফ্রিজারেটরে সংরক্ষিত থাকে। এর দাম কোটি টাকার বেশি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ইপিআইর ওই টিকাগুলোর সংরক্ষণ হুমকিতে রয়েছে। এগুলোর কার্যকারিতা পুরোপুরি ঠিক থাকছে কি না তাও পরীক্ষা করার ব্যবস্থা নেই। কেননা অনেক টিকা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তাই এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি।’
মোযাহার হোসেন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ বিভাগের কাছে টিকা সংরক্ষণ গুদামে জরুরি বা বিশেষ সংযোগ চেয়ে লিখিত আবেদন জানানো হয়েছে। জেলা জজ আদালত ভবনসহ জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় একাধিক কর্মকর্তার বাসভবনে এ ধরনের বিশেষ সংযোগ রয়েছে। এই সংযোগগুলোতে সাধারণত লোডশেডিং হয় না। কিন্তু বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ আবেদনের কোনো সাড়া দেননি।
সিভিল সার্জনের লিখিত আবেদন পাওয়ার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, বিশেষ বা জরুরি সংযোগগুলো বিশেষ কর্মকর্তা বা ভবনের জন্য নয়, সেগুলো দেওয়া হয়েছে অবস্থানগত কারণে। নতুন করে সিভিল সার্জন কার্যালয়ে বিশেষ সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি চিঠি দিয়ে সিভিল সার্জনকে জানানো হয়েছে। চিঠিতে সিভিল সার্জনকে পরামর্শ দেওয়া হয়েছে জরুরি অবস্থা মোকাবিলার জন্য আইপিএস বা জেনারেটর ব্যবহারের জন্য। পৌর এলাকায় ২১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে কখনো অর্ধেক, কখনোবা তারও কম।