টিকা সচেতনতা সপ্তাহ শুরু
আজ সোমবার বিশ্ব টিকা সচেতনতা সপ্তাহ শুরু হচ্ছে। ৩০ এপ্রিল পর্যন্ত সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সপ্তাহটি উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করবে। এ বছরের টিকা সচেতনতা সপ্তাহের প্রতিপাদ্য ‘টিকা শিশুর জীবন বাঁচায়’।
সপ্তাহ পালন উপলক্ষে ইপিআইয়ের পক্ষ থেকে গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, জনগণের মধ্যে টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো, সমাজে টিকার ব্যাপক চাহিদা তৈরি এবং টিকা দেওয়া বাড়াতে জাতীয় ও তৃণমূল পর্যায়ে সাড়া জাগাতে সপ্তাহটি পালিত হবে। এই কর্মসূচির আওতায় কোনো টিকা দেওয়া হবে না; বরং বাদ পড়া শিশুদের চিহ্নিত করে হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই তাঁদের টিকাদান সেবার আওতায় আনা হবে।
টিকাদান সপ্তাহের কর্মসূচির মধ্যে আছে বিভাগ, সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে পরামর্শ সভা, মাঠকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে টিকার গুরুত্ব প্রচার করা এবং টিকা নেওয়া থেকে বাদ পড়া বা আংশিক বাদ পড়া শিশুদের শনাক্ত করে তালিকা করা।