টিকাটুলিতে দোকানে ঢুকে কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলিতে নেপাল দাস (২০) নামের দোকানের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেল চারটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত দোকানে ঢুকে নেপাল দাসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। তাঁর পাশের দোকানদার রাজীব তাঁকে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নেপাল ৬৪ টিকাটুলি বিকেডির বৈদ্যুতিক সামগ্রী মেরামতের দোকানে কাজ করতেন। দোকানটিতে রেফ্রিজারেটর ও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মেরামতের কাজ হতো।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা হত্যাকাণ্ডের কথা শুনেছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।