টিকার জন্য ৩ থেকে ৫ ঘণ্টা লাইনে অপেক্ষা
সম্প্রাসারিত টিকাদান কর্মসূচির প্রথম দিনে আজ শনিবার পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পল্টন কমিউনিটি সেন্টার থেকে করোনার টিকা নিয়েছেন হাদিসুর রহমান। টিকা নেওয়ার পর তিনি প্রথম আলোকে বলেন, তাঁর পরে এসেও অনেকে আগে টিকা নিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গ করে এসব ব্যক্তিদের সহযোগিতার করেছেন ব্যবস্থাপনা ঠিক রাখার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরা।
ষাটোর্ধ্ব হাদিসুর রহমান ফকিরাপুলে কাঁচামালের ব্যবসা করেন। থাকেন রাজধানীর মাদারটেক এলাকায়। তিনি জানান, সকাল আটটায় এসে লাইনে দাঁড়িয়েছিলেন। বেলা ১টার দিকে টিকা দিতে পেরেছেন তিনি।
এই কেন্দ্রে হাদিসুর রহমানের মতো এমন অন্তত ৬ জনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের মধ্যে কামরুল ইসলাম নামের এক যুবক বলেন, স্বেচ্ছাসেবীরা লাইন না মেনে অনেককেই আগে টিকা দেওয়ার সুযোগ দিয়েছেন। তিনি সকাল ১০টায় টিকা দিতে এসেছেন। বেলা একটার কিছু সময় পরে টিকা দিতে পেরেছেন।
পল্টন কমিউনিটি সেন্টারটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে পড়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডেই একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গণটিকা কর্মসূচি চলবে।
ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, আজ থেকে শুরু হওয়া গণটিকা কার্যক্রম ১২ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়া হবে। দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে এই ছয় দিনে ১ লাখ ৩৫ হাজার ব্যক্তিকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ছে।
পল্টন কমিউনিটি সেন্টারে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ব্র্যাক। সেখানে দায়িত্বরত ব্র্যাকের কর্মীরা প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে আটটা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছেন। বেলা সাড়ে তিনটা নাগাদ এই কার্যক্রম চলবে। এর আগেই তাঁদের দেওয়া ৩০০ টিকা শেষ হলে কার্যক্রম সমাপ্ত করবেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, পল্টন কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় বড় মিলনায়তনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থা করার পাশাপাশি আসা ব্যক্তিদের বসার ব্যবস্থাও করা হয়েছে। টিকা নেওয়ার পর অনেকেই কিছু সময় বসে বিশ্রাম নিচ্ছেন, আবার অনেকেই কেন্দ্র থেকে বাসায় চলে যাচ্ছেন।
ব্র্যাকের ১৫ জন কর্মীর পাশাপাশি রেড ক্রিসেন্টের দুজন এবং জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলরের ২০ থেকে ২৫ জন স্বেচ্ছাসেবী টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করছেন। তবে কেন্দ্রে আসা ব্যক্তিদের বেশির ভাগই আগে টিকা নিতে হুড়োহুড়ি করছেন। এর ফাঁকে স্বেচ্ছাসেবীদের চেনা ব্যক্তিদের আগে টিকা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
কাউন্সিলরের স্বেচ্ছাসেবী হিসেবে এই কেন্দ্রে কাজ করছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মো. আলী আজম। তাঁর ভাষ্য, আসা সবাই আগে টিকা দিতে চাচ্ছেন। তাই মাঝেমধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। প্রথম দিনে টিকা দিতে আসা ব্যক্তিদের অনেক চাপ ছিল।
স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পরে আসা ব্যক্তিদের অনেকেই আগে টিকা দিচ্ছেন—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আলী আজম বলেন, স্বেচ্ছাসেবী হিসেবে তাঁরা শৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন। এর মধ্যে কেউ তাঁদের কথা শুনছেন, কেউ শুনছেন না।
দুপুর ১২টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত এই কেন্দ্রে অবস্থান করে আরও দেখা যায়, স্বেচ্ছসেবীদের পাশাপাশি পুলিশের কয়েকজন সদস্য কেন্দ্রে অবস্থা করছেন। এরপরও লাইনে দাঁড়িয়ে না থেকে সবাই নিবন্ধনের টেবিলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছেন। টিকা দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখার পর টিকা কার্ড দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার পর ওই কার্ডে পরবর্তী টিকা দেওয়ার তারিখ ও কোন কোম্পানির টিকা দেওয়া হচ্ছে, তা লিখে দেওয়া হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওয়ার্ডের মধ্যে যাঁরা বয়স্ক এবং প্রতিবন্ধী তাঁদের আগে সুযোগ দিতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে বাকিদের লাইনে দাঁড়িয়েই টিকা নিতে হবে। ব্যবস্থাপনা যাতে ঠিক থাকে, তাই তিন দিনের পরিবর্তে ছয় দিন টিকা দেওয়ার সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।