টিকার নিবন্ধন করতে ‘দ্যুতি’ যাচ্ছে বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি বাড়ি গিয়ে চলছে টিকার জন্য নিবন্ধন। এই উদ্যোগ ‘দ্যুতি’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের। শুক্রবার মৌলভীবাজারের বড়লেখার পূর্ব গগড়া গ্রামে
ছবি: প্রথম আলো

বৈশ্বিক অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে নিতে হবে টিকা। টিকা নিতে হলে আগে দরকার নিবন্ধনের। কিন্তু নিবন্ধন কীভাবে করতে হয়, জানেন না আফিয়া বেগম (৪২)। মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরপারের দ্বিতীয়ারদেহী গ্রামের এই বাসিন্দার চিন্তাটা দূর করে দিয়েছে দ্যুতি।

স্বেচ্ছাসেবী সংগঠনটির একদল সদস্য বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে টিকার নিবন্ধন করে দিচ্ছেন। এর আওতায় নিবন্ধিত হয়ে করোনার টিকা দিতে আফিয়ার আর কোনো বাধা নেই। এখন নিবন্ধন কার্ড হাতে নিয়ে তিনি কেন্দ্রে গেলেই টিকা পাবেন। আফিয়ার মতো স্থানীয় তালিমপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় ৬০০ জনের টিকার নিবন্ধন শেষ করেছে দ্যুতি।

সংগঠন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রত্যন্ত এই এলাকার অধিকাংশ লোকই জানেন না, কীভাবে টিকার জন্য নিবন্ধন করতে হয়। আবার নিবন্ধন করতে প্রয়োজনীয় কম্পিউটার বা স্মার্টফোন নেই তাঁদের হাতে। নিবন্ধন করতে না পারায় অনেকে করোনার টিকা নিতে পারছেন না। এই জটিলতা থেকে গ্রামের সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে এগিয়ে এসেছে তালিমপুর ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্যুতি। সংগঠনের সদস্যরা প্রতিদিন সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে সুরক্ষা অ্যাপ থেকে বিনা মূল্যে নিবন্ধন করে দিচ্ছেন। সেই সঙ্গে লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

২৬ জুলাই থেকে সংগঠনটি এই নিবন্ধনের কাজ শুরু করেছে। এ পর্যন্ত তারা তালিমপুর ইউনিয়নের বড়ময়দান, চুলারকুড়ি, পশ্চিম গগড়া, দ্বিতীয়ারদেহী ও পূর্ব গগড়া গ্রামের প্রায় ৬০০ মানুষের টিকার নিবন্ধন করে দিতে পেরেছে। শনিবারের (৩১ জুলাই) মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়া হবে মুদ্রিত নিবন্ধন কার্ড। আগামী মাস থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তখন সহজেই এই কার্ড নিয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন নিবন্ধিত ব্যক্তিরা।

দ্যুতির সদস্য পিংকু দাস বলেন, ‘গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে দিচ্ছি। পাশাপাশি মানুষকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি।’ টিকার জন্য সহজে নিবন্ধনের স্বার্থে স্থানীয় বাজারে নিবন্ধন বুথ খোলারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

স্বেচ্ছাসেবী সংগঠনটির এই কাজে সার্বিক সহযোগিতা করছেন তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস। তিনি সংগঠনটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

বিদ্যুৎ কান্তি দাস প্রথম আলোকে বলেন, ‘দ্যুতি একটি ভালো উদ্যোগ নিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে নিবন্ধন করে দিচ্ছে। বিষয়টি জেনে আমি টিকার নিবন্ধন কার্ড প্রিন্ট করার ব্যবস্থা করে দিয়েছি। এতে মানুষের টিকা পাওয়ার পথটা সহজ হয়ে গেছে।’ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিকাকেন্দ্র স্থাপন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হলে সহজেই লোকজন টিকা নিতে পারবেন।