রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের টিকিট কাউন্টার ১০ দিন ধরে বন্ধ রয়েছে। যেসব রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাটছে ও চিকিৎসকেরা যাদের গুরুতর বিবেচনা করে ডেন্টাল ইউনিটে পাঠাচ্ছেন, তাদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে তারা চরম হয়রানির শিকার হচ্ছে।ডেন্টাল ইউনিট কর্তৃপক্ষ বলছেন, লোকবলের সংকটের কারণে আপাতত এ সমস্যা হচ্ছে। ডেন্টাল ইউনিট রাজশাহী মেডিকেল কলেজের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। এখানে দাঁতের চিকিৎসার বিশেষায়িত ব্যবস্থা রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সাবেক সদর হাসপাতালে এর কার্যক্রম চলে।রামেক হাসপাতালের বহির্বিভাগ সূত্রে জানা গেছে, তাদের মাত্র তিনটি ডেন্টাল চেয়ার রয়েছে। তিনজন ডেন্টাল সার্জন, একজন রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার রয়েছেন। তাঁদের তিনটি চেয়ারের একটিতে দুর্ঘটনায় চোয়াল ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। একটিতে শিশুদের স্কেলিং করা হয়। অপরটিতে দাঁত উঠানোর কাজ করা হয়। এখানে দাঁতের ফিলি ম্যাটেরিয়াল সরবরাহ থাকে না। রুট ক্যানেল ও পালপেকটমি করার কোনো ব্যবস্থা নেই। এ ধরনের রোগীদের বরাবরই ডেন্টাল ইউনিটে পাঠানো হয়ে থাকে। তাদের সেখানে চিকিৎসা দেওয়া হয়। ২০ জুলাই থেকে বহির্বিভাগ থেকে কোনো রোগীকে ডেন্টাল ইউনিটে পাঠানো হলে তাদের আবার বহির্বিভাগেই ফেরত পাঠানো হচ্ছে।রোববার হাসপাতালের বহির্বিভাগে গিয়ে ডেন্টাল ইউনিট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এমন কয়েকজন রোগীর সঙ্গে কথা হয়। আবির নামের ২৫ বছর বয়সী এক যুবক বলেন, বহির্বিভাগ থেকে ডেন্টাল ইউনিটের দূরত্ব প্রায় এক কিলোমিটার। একজন অসুস্থ মানুষকে এভাবে হয়রানি করার কোনো অর্থ হয় না। আট বছরের শিশু রাতুলের বহির্বিভাগের রেজিস্ট্রেশন নম্বর ১৮২২/৬০। তার পালপেকটমি করা দরকার। ডেন্টাল ইউনিট থেকে ফিরিয়ে দেওয়ার পরে তার অভিভাবক তাকে আবার বহির্বিভাগে নিয়ে এসেছেন।একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ডেন্টাল ইউনিটে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। শিক্ষানবিশ চিকিৎসকদের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁরা বলেন, রামেক হাসপাতালের বহির্বিভাগের কোনো রোগী এখানে আর দেখা হবে না। ওখানেই দেখাতে হবে। এই ইউনিটেও টিকিট কাউন্টার বন্ধ কেন জানতে চাইলে তাঁরা ইউনিটের বিভাগীয় প্রধান ওবায়দুর রহমনের সঙ্গে কথা বলতে বলেন। বিভাগের প্রধানের কক্ষে গিয়ে দরজা খোলা পাওয়া গেলেও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি কাজে বিশ্ববিদ্যালয়ে গেছেন বলে জানান। কাউন্টার বন্ধের ব্যাপারে তিনি বলেন, লোকবল সংকটের কারণে কাউন্টার বন্ধ রয়েছে। দু-এক দিনের মধ্যেই সমাধান হবে যাবে। বহির্বিভাগের রোগী ফেরত দেওয়ার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে একটি নির্দেশ রয়েছে। হাসপাতালের পরিচালকও জানেন। এখন বহির্বিভাগের রোগী ওখানেই দেখতে হবে।এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দীন বলেন, বহির্বিভাগের পাঠানো কোনো রোগী ডেন্টাল ইউনিট দেখবে না এমন কোনো সিদ্ধান্তের বিষয় তাঁর জানা নেই। বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।