টিকিট কাউন্টারের কাছে মরে পড়ে ছিলেন তিনি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টারের কাছ থেকে গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হাসপাতাল সূত্রের ভাষ্যমতে, দুই পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা অসুস্থ ওই ব্যক্তিকে বেশ কয়েক দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টারের পেছনের বারান্দায় শুয়ে থাকতে দেখেছেন তাঁরা। বিনা চিকিৎসায় তিনি ওইভাবেই ছিলেন। গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁকে মৃতের মতো পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালের লোকজন ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে যান। এরপর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, আনসারের একজন সদস্য তাঁকে মৃত্যুর খবরটি দেন। তিনি বলেন, ‘মৃত ব্যক্তির গায়ে ছিল সাদা চাদর আর পায়ে ব্যান্ডেজ। মৃত্যুর খবর পেয়ে প্রথমে আমি শাহবাগ থানায় খবর দিই।’
ওই ব্যক্তি কীভাবে পায়ে আঘাত পেয়েছেন, কার সঙ্গেই বা এসেছিলেন, কেনই বা চত্বরে শুয়েছিলেন, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজের মুখপাত্র ও সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, টিকিট কাউন্টারের পেছনে কেউ এভাবে পড়ে আছেন, সে খবর তাঁকে কেউ দেয়নি। তিনি বিষয়টি সম্পর্কে জানেন না।