টিকিট কাউন্টারের কাছেই মরে পড়ে ছিলেন রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসার জন্য এসেছিলেন। হাসপাতালে ঢুকে আর চিকিৎসা নেওয়ার সুযোগ পাননি। চত্বরে ঘুরতে ঘুরতেই বৃহস্পতিবার তাঁকে মরতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টারের পেছনের বারান্দায় দুই পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অসুস্থ ওই ব্যক্তিকে বেশ কয়েক দিন ধরে শুয়ে থাকতে দেখেছেন। বিনা চিকিৎসায় তিনি ওইভাবেই ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের লোকজন তাঁকে মৃত পড়ে থাকতে দেখেন। টিকিট কেটে জরুরি বিভাগ পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়তো চিকিৎসা মিলত তাঁর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াকে ওই ব্যক্তির মৃত্যুর খবর দেন একজন আনসার সদস্য। বাচ্চু মিয়া বলেন, ‘মৃত ব্যক্তির গায়ে ছিল সাদা চাদর আর পায়ে ব্যান্ডেজ। মৃত্যুর খবর পেয়ে প্রথমে আমি শাহবাগ থানায় খবর দিই।’

মৃত্যুর আগে কারও দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও মৃত্যুর পর অনেকেই তৎপর হন। হাসপাতালের সরদার দেলোয়ার হোসেনসহ কয়েকজন তাঁকে ধরে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা পরে তাঁকে মৃত ঘোষণা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজের মুখপাত্র ও সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, টিকিট কাউন্টারের পেছনে কেউ এভাবে পড়ে আছেন, সে খবর তাঁকে কেউ দেয়নি। তিনি বিষয়টি সম্পর্কে জানেন না।