নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে গতকাল শুক্রবার ট্রেনের টিকিট কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তিরা হলেন লালপুরের অর্জুনপাড়া বরমহাটি ইউনিয়নের ডহরশোলা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জীবন হোসেন (২৮) ও পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী লোকোশেড এলাকার আকবর আলীর ছেলে জুলমত হোসেন ওরফে জামাত আলী (২৬)।
প্রত্যক্ষদর্শী, স্টেশন কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল সোয়া নয়টার দিকে বাইপাস রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটা নিয়ে ডহরশোলা গ্রামের চা-বিক্রেতা মোতালেব হোসেনের সঙ্গে ঈশ্বরদী লোকোশেড এলাকার আবদুর রাজ্জাক ও হাফিজুল ইসলামের ঝামেলা হয়। এ সময় দুই পক্ষে মারধরের ঘটনায় আবদুর রাজ্জাক আহত হন। এরপর খবর পেয়ে তাঁর এলাকার লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে স্টেশন এলাকায় এসে স্থানীয় ব্যক্তিদের ওপর হামলা চালান। এ সময় ডহরশোলা গ্রামের লোকজনও লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে তারা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে জীবন হোসেন ও জুলমত হোসেনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী লিটন হোসেন বলেন, টিকিট কাটার লাইনে দাঁড়ানো নিয়ে চা-বিক্রেতা মোতালেব হোসেনের ছেলে রানা হোসেনের সঙ্গে ধাক্কাধাক্কি নিয়ে প্রথমে গোলমাল বাধে। পরে শহর থেকে টিকিট কালোবাজারিরা এসে হামলা চালায়।
জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে রানা হোসেনের (২৫) অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসক মোমিন উদ্দিন জানান, ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুজনের মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে বলে জানান লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার।
এ ব্যাপারে হামলাকারী কারোর সন্ধান না পাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।