টিকিট কালোবাজারিদের ঠেকাতে রেলযাত্রীর ১১ তথ্য নেওয়ার চিন্তাভাবনা
চট্টগ্রাম স্টেশনের আশপাশের সড়ক ও রিয়াজউদ্দিন বাজারে কালোবাজারিদের উৎপাত ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় ১১টি তথ্য নিয়ে টিকিট বিক্রির চিন্তাভাবনা করছে রেলের স্থানীয় কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে এসব তথ্য দিয়েই কেবল টিকিট কেনা যাবে।রেলওয়ে সূত্র জানায়, ১৯৯২ সালের পর বাংলাদেশ রেলওয়ের টিকিটের দাম আর বাড়েনি। অথচ সেই তুলনায় বাসভাড়া দুই থেকে আড়াই গুণ বেড়েছে। তাই রেলের টিকিটের দিকে ঝোঁক বেশি যাত্রীদের। কারণ, রেলে কম ভাড়ায় এবং প্রায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। টিকিটের কালোবাজারি ঠেকাতে যাত্রীর ১১টি তথ্য নেওয়ার চিন্তাভাবনা চলছে। এসব তথ্যের মধ্যে টিকিট কেনার আগে ক্রেতার নাম, ভ্রমণকারীর নাম ও বর্তমান ঠিকানা, টিকিটের ক্রেতা ও ভ্রমণকারীর মুঠোফোন নম্বর, টিকিট কেনার তারিখ, ভ্রমণের তারিখ, ট্রেনের নাম ও শ্রেণী, টিকিটের সংখ্যা, ভ্রমণকারী পুরুষ, নারী ও শিশুর সংখ্যা এবং ভ্রমণকারীর বয়স উল্লেখ থাকতে পারে।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘কালোবাজারিদের উৎপাত ঠেকাতে আমরা যাত্রী ও টিকিটের ক্রেতার ১১টি তথ্য চেয়ে একটি ছক তৈরি করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে কালোবাজারিদের উৎপাত অনেক কমে যাবে।’চট্টগ্রাম স্টেশন ঘুরে দেখা গেছে, টিকিট কাউন্টার থেকে কিছু যুবক প্রতিদিন টিকিট কেনেন। তাঁদের কেউ কেউ কলেজের ছাত্র বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা। এ ছাড়া রিয়াজউদ্দিন বাজারের সংঘবদ্ধ একটি চক্রের সদস্যরা যাত্রীবেশে টিকিট কিনে চড়া দামে বিক্রি করে আসছে।