টিকিট কেটেও ট্রেনে ওঠা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে দেশের পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ এখন চরমে। ট্রেনের ভ্রমণ অগ্রাধিকার দেওয়ায় যাত্রীদের সংখ্যা এবার অনেক বেড়েছে। টিকিট কেটেও নিজ আসনে বসা তো দূরের কথা, যাত্রী তার নির্দিষ্ট আসনে পৌঁছাতে পারছে না। আবার অনেকে ট্রেনেই উঠতে পারছে না।১১ সেপ্টেম্বর পর্যন্ত সিরাজগঞ্জের দুটি স্টেশনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এরপর ছাড়া হয়েছে আসনবিহীন টিকিট। নয়টি ট্রেনের পাশাপাশি আরও দুটি বিশেষ ট্রেন এই পথে সংযোজন করা হলেও চাহিদা পূরণ হচ্ছে না। সরেজমিনে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী ও উল্লাপাড়া রেলস্টেশনে দেখা গেছে, স্টেশনে দাঁড়ানোর ঠাঁই নেই। প্রতিটি ট্রেনই এক থেকে দেড় ঘণ্টা দেরিতে যাতায়াত করছে। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটির নির্ধারিত সময় বেলা তিনটা হলেও সেটি সিরাজগঞ্জে পৌঁছে বিকেল সাড়ে চারটায়। যাত্রীরা মই ব্যবহার করে ট্রেনের ছাদে উঠছে। এ জন্য ১০ থেকে ২০ টাকা করে দিতে হচ্ছে। মনসুর নগর স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আশরাফ আলী, আমজাদ হোসেন, এ বি এম আহসান জানান, এক সপ্তাহ আগে টিকিট কেটে পরিবারসহ স্টেশনে এসেছেন। কিন্তু ট্রেনে উঠতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। আরেক যাত্রী মনোয়ারা বেগম বলেন, ‘ভিড়ের চপে অগ্রিম টিকিট কেটেও ট্রেনে উঠতে পারলাম না। বাধ্য হয়ে ফেরত যাচ্ছি।’শহীদ মনসুর আলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আজাহার আলী জানান, পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহী থেকে তিনটি করে, দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও পার্বতীপুর থেকে একটি করে মোট ১১টি ট্রেন চলাচল করছে। এর মধ্যে বিশেষ ট্রেন (নম্বর ১ ও ২) দুটি ৬ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। গত বছরের তুলনায় এবার যাত্রীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে।