টিকিট না পেয়ে চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের হইচই
ট্রেনের টিকিট না পেয়ে গতকাল সোমবার চট্টগ্রাম স্টেশনে হইচই করেছেন একদল যাত্রী। এ সময় তাঁরা রেল কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে যাত্রীরা সরে যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টার দিকে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আগামী বৃহস্পতিবারের টিকিটের জন্য অপেক্ষা করছিলেন বিপুলসংখ্যক যাত্রী। একপর্যায়ে টিকিট বিক্রি শেষ হয়ে গেলে যাত্রীরা স্টেশনে চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে যাত্রীরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, মহানগর গোধূলী ট্রেনের টিকিট বিক্রি শেষ হওয়ার পর কিছু লোক উত্তেজিত হয়ে পড়েন। রেলওয়ে সূত্র জানায়, মুঠোফোনের বেশির ভাগ টিকিট আবার কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে। নতুন সিম কিনে কালোবাজারিরা চড়া দামে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছে।